• facebook
  • twitter
Sunday, 10 May, 2026

চন্দ্রনাথ খুনের ঘটনায় ব্যবহৃত বাইক উদ্ধার পুলিশের

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে মধ্যমগ্রামের দোহাড়িয়া এলাকায় হামলার সময় দুষ্কৃতীরা একটি চারচাকার গাড়ি ও দুটি বাইক ব্যবহার করে

শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে হত্যার ঘটনায় ব্যবহৃত একটি বাইক উদ্ধার করল পুলিশ। এর আগে বুধবার রাতেই ঘটনায় ব্যবহৃত একটি চারচাকার গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছিল। এবার তদন্তে নতুন করে একটি বাইকও উদ্ধার হওয়ায় ঘটনাটির জট আরও খুলতে শুরু করেছে বলে মনে করছে তদন্তকারীরা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে মধ্যমগ্রামের দোহাড়িয়া এলাকায় হামলার সময় দুষ্কৃতীরা একটি চারচাকার গাড়ি ও দুটি বাইক ব্যবহার করে। প্রথমে গাড়িটি দিয়ে চন্দ্রনাথের গাড়ির পথ আটকে দেওয়া হয়। পরে বাইকে করে এসে দুষ্কৃতীরা গুলি চালায়। গাড়িটি ঘটনাস্থলেই ফেলে রেখে বাইকে চেপে চম্পট দেয় হামলাকারীরা বলে তদন্তে জানা যাচ্ছে। উদ্ধার হওয়া বাইকটি ঘটনাস্থল থেকে প্রায় চার কিলোমিটার দূরে পাওয়া গিয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ। তবে অপর বাইকটির সন্ধান এখনও চলছে।

Advertisement

ঘটনার পর রাতেই রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি সিদ্ধনাথ গুপ্তা হাসপাতালে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখেন। তিনি জানান, একটি চারচাকার গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে, যার নম্বরপ্লেট শিলিগুড়ির হলেও সেটি ভুয়ো হতে পারে বলে সন্দেহ। ঘটনাস্থল থেকে গুলি ও ব্যবহৃত কার্তুজও উদ্ধার হয়েছে।

Advertisement

তদন্তে দ্রুত গতি আনতে একটি বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করা হয়েছে, যেখানে রাজ্য পুলিশের পাশাপাশি সিআইডি আধিকারিকরাও রয়েছেন। বৃহস্পতিবার সকালে সিআইডি দল ঘটনাস্থলে পৌঁছে নতুন করে তদন্ত শুরু করে। একই সঙ্গে সীমান্তরক্ষী বাহিনীর ডিজি প্রবীণ কুমারও এলাকা পরিদর্শন করেন।

চন্দ্রনাথ যে আবাসনে থাকতেন তার কাছাকাছি এলাকাতেই হামলার ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। পুলিশ ইতিমধ্যেই সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ শুরু করেছে। গোটা ঘটনায় একাধিক দিক খতিয়ে দেখা হচ্ছে বলে তদন্তকারীরা জানিয়েছেন।

 

 

 

 

Advertisement