• facebook
  • twitter
Wednesday, 6 May, 2026

পদত্যাগ না করায় সিদ্ধান্তে অনড় মমতা, সুপ্রিম কোর্টে লড়াইয়ের ইঙ্গিত

দলের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন মমতা

ভোটে পরাজয়ের পরও নিজের অবস্থানে অনড় রইলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার কালীঘাটে দলীয় বৈঠকে তিনি স্পষ্ট জানিয়ে দেন, ‘আমি গিয়ে পদত্যাগ করব না। রাষ্ট্রপতি শাসন হলে হোক, রেকর্ড থাকুক।’ একই সঙ্গে নতুন সরকারের শপথের দিন দলীয় কার্যালয়ে রবীন্দ্রসঙ্গীত বাজানোর নির্দেশও দিয়েছেন তিনি।

নির্বাচন কমিশনের ফল অনুযায়ী ২০৭টি আসনে জয়ী হয়েছে বিজেপি, ফলে রাজ্যে ক্ষমতার পালাবদল নিশ্চিত। তবে ফলাফল মেনে নিতে নারাজ তৃণমূল নেত্রী। তিনি জানিয়েছেন, বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার কথা ভাবছেন। এ প্রসঙ্গে তিনি বলেছেন, প্রয়োজনে তিনি নিজেই আদালতে সওয়াল করবেন। তাঁর সঙ্গে থাকতে পারেন চন্দ্রিমা ভট্টাচার্য, বিপ্লব মিত্র এবং বিমান বন্দ্যোপাধ্যায়।

Advertisement

দলের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন মমতা। তাঁর দাবি, পরাজয়ের নেপথ্যে অন্তর্ঘাত থাকতে পারে। তিনি দলীয় কর্মীদের উদ্দেশে বলেছেন, ‘যারা অন্তর্ঘাত করছে, তাদের নাম দিন।’ একইসঙ্গে ভাঙনের আশঙ্কার মধ্যেও তিনি আত্মবিশ্বাসী— দল একদিন ঘুরে দাঁড়াবে।

Advertisement

এদিকে ভোট-পরবর্তী হিংসার অভিযোগও সামনে আসছে। এই পরিস্থিতিতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, যেখানে অভিযোগ নেওয়া হচ্ছে না, সেখানে অনলাইনে জানাতে বলা হয়েছে। পাশাপাশি আইনি পদক্ষেপের কথাও ভাবা হচ্ছে। দলীয় সূত্রে জানা গিয়েছে, পরিস্থিতি খতিয়ে দেখতে একটি ফ্যাক্ট-ফাইন্ডিং টিমও গঠন করা হবে। সব মিলিয়ে রাজনৈতিক ও আইনি— দুই মঞ্চেই লড়াই চালিয়ে যাওয়ার বার্তা তৃণমূল নেতৃত্বের।

Advertisement