• facebook
  • twitter
  • youtube
Friday, 3 July, 2026

৪০০০ পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা বলয়ে ব্রিগেডে শপথ অনুষ্ঠান

প্রতিটি ভাগ বা সেক্টরের নিরাপত্তার দায়িত্বে থাকবেন কলকাতা পুলিশের উচ্চপদস্থ অধিকারিকরা

৪০০০ পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা বলয়ে ব্রিগেডে শপথ অনুষ্ঠান

ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হতে চলেছে রাজ্যের নয়া মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠান। তার আগে ৮ তারিখ বিজেপির বিধায়কদের নিয়ে বৈঠক। সেদিনই রাজ্যবাসী জানতে পারবে বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রীর মসনদে কে বসবেন। সূত্রের খবর, এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। থাকতে পারেন অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীরাও।

অনুষ্ঠানে একাধিক ভিভিআইপি ব্যক্তিত্বের কথা মাথায় রেখে শনিবার একেবারে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হবে কলকাতাকে। নিরাপত্তার দায়িত্বে থাকবেন প্রায় ৪০০০ পুলিশকর্মী। ব্রিগেড ও তার সংলগ্ন ময়দান চত্বরে নিরাপত্তায় জোরদার করা হয়েছে। নিরাপত্তার দায়িত্বে থাকবেন পুলিশ কমিশনার অজয় নন্দ। এ ছাড়াও, কলকাতা পুলিশের অতিরিক্ত সিপি, যুগ্ম সিপি এবং ডিসিরাও থাকবেন।

কলকাতা পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিরাপত্তার জন্য ব্রিগেডের পুরো এলাকাটি কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। প্রতিটি ভাগ বা সেক্টরের নিরাপত্তার দায়িত্বে থাকবেন কলকাতা পুলিশের উচ্চপদস্থ অধিকারিকরা। ব্রিগেড এলাকা নো ফ্লাই জোন হওয়ায় নজরদারির জন্য ড্রোন ব্যবহার করবে না কলকাতা পুলিশ। যদিও এলাকার বহুতলগুলো থেকে নজরদারি চালানো হবে। নজরদারিতে কলকাতা পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীও থাকবে। আকাশপথেও নজরদারি চলবে বলে জানানো হয়েছে।