রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর এবার শিলিগুড়ির উত্তরকন্যাকে ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। বিজয় উল্লাসে বিজেপি কর্মী-সমর্থকেরা দাবি তুলেছেন, উত্তরকন্যার বর্তমান নীল-সাদা রং বদলে গেরুয়া রঙে রাঙানো হোক। মঙ্গলবার উত্তরকন্যার সামনে জড়ো হয়ে উচ্ছ্বাসে মেতে ওঠেন বিজেপির কর্মীরা। স্লোগানের মাঝে তাঁদের বক্তব্য, এতদিন উত্তরবঙ্গ উন্নয়নের দিক থেকে বঞ্চিত ছিল। নতুন সরকার গঠনের পর এই প্রশাসনিক ভবন থেকেই উন্নয়নের নতুন পথ খুলবে।
তাঁদের দাবি, উত্তরবঙ্গের ৫৪টি বিধানসভার উন্নয়নমূলক কাজের পরিকল্পনা ও বাস্তবায়ন উত্তরকন্যা থেকেই পরিচালিত হবে। পাশাপাশি, ভবনটির ব্যবহার আরও সক্রিয় করার কথাও বলা হয়েছে। এ প্রসঙ্গে বিজেপি নেতা শঙ্কর ঘোষ জানিয়েছেন, উত্তরকন্যা যেহেতু সরকারি অর্থে তৈরি, তাই সেটির যথাযথ ব্যবহার করা হবে। তবে কীভাবে প্রশাসনিক কাজ পরিচালিত হবে, তা পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।
Advertisement
অন্যদিকে ফুলবাড়ির যুব বিজেপি সভাপতি বিশ্বম্ভর সাহার অভিযোগ, এতদিন সাধারণ মানুষের জন্য উত্তরকন্যার দরজা কার্যত বন্ধই থাকত। খালি মুখ্যমন্ত্রী আসলে এটা খোলা হত। একটা সরকারি কাজ হতো না। খালি গরুপাচারের টাকা এখান থেকে ভাগ হয়ে কালীঘাটে যেত। নতুন সরকারের আমলে সেই পরিস্থিতি বদলাবে এবং এখান থেকেই মানুষের কাজকর্ম এগোবে বলে তাঁদের দাবি। উত্তরকন্যার ভবিষ্যৎ ব্যবহার ও রঙ পরিবর্তনের দাবি ঘিরে উত্তরবঙ্গের রাজনীতিতে নতুন করে চর্চা শুরু হয়েছে।
Advertisement
Advertisement



