রাজ্যে ১৫ বছর পর ক্ষমতার পরিবর্তনের পর নতুন রাজনৈতিক আবহের প্রভাব পড়েছে পরিবহন ক্ষেত্রেও। মঙ্গলবার সকালে দেখা গেল, শহরের বিভিন্ন প্রান্ত— বেহালা, ঠাকুরপুকুর, তারাতলা, রাসবিহারী, কসবা, রুবি থেকে শুরু করে উল্টোডাঙা, বাগবাজার ও বারাকপুর— প্রায় সর্বত্রই অটোর মাথায় উড়ছে গেরুয়া পতাকা। অনেক অটোচালকই নতুনভাবে নিজেদের অবস্থান স্পষ্ট করতে রাস্তায় নেমেছেন।
Advertisement
বালিগঞ্জের একটি অটোস্ট্যান্ডে দেখা যায়, চালকেরা বিজেপির পতাকা বাঁধছেন, গেরুয়া আবির খেলছেন এবং ডিজের তালে নাচছেন। স্থানীয় এক অটোচালকের কথায়, ‘নতুন করে বিজেপি ইউনিয়ন গড়ার ডাক এসেছে, তাই আমরা একসঙ্গে যোগ দিচ্ছি।’ যদিও অনেকেই নাম প্রকাশে অনিচ্ছুক থেকে জানিয়েছেন, দীর্ঘদিনের ক্ষোভ থেকেই এই পরিবর্তন। তাঁদের অভিযোগ, আগে নির্দিষ্ট রুটে প্রয়োজনের তুলনায় বেশি অটো নামানো হত এবং পারমিট পেতে মোটা অঙ্কের টাকা খরচ করতে হত। পাশাপাশি পুলিশের জরিমানাও বেড়েছিল, যা চালকদের উপর অতিরিক্ত চাপ তৈরি করেছিল। এক অটোচালকের কথায়, ‘একচেটিয়া নিয়ন্ত্রণের ফলই আজ সামনে এসেছে।’
Advertisement
অন্যদিকে, জ্বালানির দাম বৃদ্ধি এবং এলপিজির মূল্যবৃদ্ধির প্রভাবেও অটোভাড়া বেড়েছে, যার ফলে সাধারণ যাত্রীরাও ভোগান্তির শিকার হয়েছেন। কেন্দ্র ও রাজ্যের মধ্যে দায় চাপানো নিয়েও পরিস্থিতি জটিল হয়েছিল। নতুন রাজনৈতিক পরিস্থিতিতে ডবল ইঞ্জিন সরকারের প্রত্যাশায় অটোচালকদের একাংশ আশাবাদী। তাঁদের মতে, এবার হয়ত নীতি ও ব্যবস্থাপনায় পরিবর্তন আসবে এবং দীর্ঘদিনের সমস্যার সমাধান সম্ভব হবে।
Advertisement



