• facebook
  • twitter
Tuesday, 5 May, 2026

তিন বছর পর রাজ্যপালের সচিব নিয়োগ, সৌমিত্র মোহনকে করা হল সচিব

২০০২ ব্যাচের এই আধিকারিক এতদিন রাজ্যের পরিবহন দপ্তরের সচিব হিসেবে দায়িত্বে ছিলেন

ভোট মিটতে না মিটতেই আমলাস্তরে প্রথম গুরুত্বপূর্ণ রদবদল হল। গণনা শেষের পরপরই পশ্চিমবঙ্গের রাজ্যপাল আরএন রবির নতুন সচিব হিসেবে নিয়োগ হলেন আইএএস আধিকারিক সৌমিত্র মোহনকে। ২০০২ ব্যাচের এই আধিকারিক এতদিন রাজ্যের পরিবহন দপ্তরের সচিব হিসেবে দায়িত্বে ছিলেন এবং টানা তিন বছরেরও বেশি সময় ধরে সেই পদে বহাল ছিলেন।

ভোট চলাকালীন প্রশাসনিক স্তরে একাধিক বদল হলেও তাঁকে পরিবহণ দপ্তর থেকে সরানো হয়নি। তবে ভোটপর্ব শেষ হতেই তাঁকে রাজ্যপালের সচিব পদে নিয়োগ করা হল। উল্লেখ্য, গত ১২ মার্চ কলকাতার লোকভবনে পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল হিসেবে শপথ নেন আরএন রবি। দায়িত্ব নেওয়ার এক সপ্তাহের মধ্যেই তিনি সচিব নিয়োগের জন্য রাজ্য সরকারের কাছে অনুরোধ জানিয়েছিলেন বলে জানা যায়।

Advertisement

এর আগে, সিভি আনন্দ বোস রাজ্যপাল থাকাকালীন আইএএস আধিকারিক নন্দিনী চক্রবর্তীকে এই পদে নিয়োগ করা হয়েছিল। কিন্তু অল্প কিছুদিনের মধ্যেই তাঁকে ওই পদ থেকে সরিয়ে দেওয়া হয়। সূত্রের খবর, রাজভবনে যোগ দেওয়ার পর তাঁকে তৎকালীন শাসকদলের ঘনিষ্ঠ হিসেবে চিহ্নিত করা হয়েছিল, আর সেই কারণেই তাঁকে সরানো হয়। পরবর্তীকালে অবশ্য নন্দিনী রাজ্যের স্বরাষ্ট্রসচিব এবং পরে মুখ্যসচিবের দায়িত্বও সামলেছেন।

Advertisement

২০২৩ সালের ফেব্রুয়ারিতে তৎকালীন রাজ্যপাল আনন্দ বোস তাঁর প্রধান সচিবের পদ থেকে নন্দিনীকে অপসারণ করেছিলেন। এরপর দীর্ঘ সময় ধরে ওই পদে কোনও আইএএস আধিকারিককে নিয়োগ করা হয়নি। প্রায় তিন বছর পর আবার কোনও আমলাকে রাজ্যপালের সচিব হিসেবে নিয়োগ করা হল।

ঘটনাচক্রে, এর ঠিক আগের দিনই রাজ্যের রাজনৈতিক পটপরিবর্তন ঘটেছে। তৃণমূল কংগ্রেসকে পরাজিত করে বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেছে। সেই প্রেক্ষাপটেই পরদিন সকালে রাজ্যপালের নতুন সচিব নিয়োগের এই সিদ্ধান্ত বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

 

Advertisement