বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার একদিনের মধ্যেই রাজ্যে প্রশাসনিক স্তরে প্রথম বড় রদবদল হল। পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর এন রবি-র নতুন সচিব হিসেবে দায়িত্ব পেলেন আইএএস আধিকারিক সৌমিত্র মোহন।
২০০২ ব্যাচের এই আইএএস আধিকারিক গত তিন বছরেরও বেশি সময় ধরে রাজ্যের পরিবহণ দপ্তরের সচিব হিসেবে দায়িত্ব সামলাচ্ছিলেন। ভোটপর্ব চলাকালীন প্রশাসনিক স্তরে একাধিক বদল হলেও তাঁকে সেই সময় সরানো হয়নি। তবে ভোট মিটতেই দ্রুত তাঁকে রাজ্যপালের সচিব পদে নিয়োগ করা হয়েছে।
Advertisement
প্রসঙ্গত, চলতি বছরের ১২ মার্চ কলকাতার রাজভবনে শপথ নেন রাজ্যপাল আর এন রবি। দায়িত্ব নেওয়ার পরপরই তিনি একজন সচিব নিয়োগের জন্য রাজ্য সরকারের কাছে অনুরোধ করেছিলেন। কিন্তু সেই সময় নির্বাচন ঘোষণার কারণে বিষয়টি স্থগিত হয়ে যায়। ভোট প্রক্রিয়া শেষ হতেই অবশেষে সেই পদে নিয়োগ সম্পন্ন হল।
Advertisement
এর আগে রাজ্যের প্রাক্তন রাজ্যপাল সি ভি আনন্দ বোস-এর আমলে আইএএস আধিকারিক নন্দিনী চক্রবর্তী এই পদে ছিলেন। যদিও খুব অল্প সময়ের মধ্যেই তাঁকে সেই পদ থেকে সরিয়ে দেওয়া হয়। পরে তিনি রাজ্যের স্বরাষ্ট্রসচিব এবং শেষপর্যন্ত মুখ্যসচিবের দায়িত্বও পালন করেন।
২০২৩ সালের ফেব্রুয়ারিতে আনন্দ বোস তাঁকে মুখ্য সচিবের পদ থেকে সরিয়ে দেন। তারপর দীর্ঘ প্রায় তিন বছর এই পদটি কার্যত খালি ছিল। অবশেষে নতুন করে সেই পদে নিয়োগ হল সৌমিত্র মোহনের।
এদিকে মঙ্গলবার সকালে রাজ্যপাল আর এন রবি তাঁর স্ত্রী লক্ষ্মী রবিকে নিয়ে কালিঘাট কালী মন্দির-এ পুজো দেন। রাজ্যের মানুষের মঙ্গল, শান্তি ও সমৃদ্ধি কামনায় প্রার্থনা করেন তিনি।
উল্লেখ্য, সোমবার ঘোষিত নির্বাচনের ফলে রাজ্যের রাজনৈতিক ক্ষমতায় বড় পরিবর্তন এসেছে। ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এসে দীর্ঘদিনের তৃণমূল কংগ্রেস সরকারকে সরিয়ে দিয়েছে।
Advertisement



