• facebook
  • twitter
Sunday, 3 May, 2026

আজ ৭৭টি কেন্দ্রে সকাল থেকে গণনা, কড়া নিরাপত্তায় নজিরবিহীন প্রস্তুতি বাংলায়

পশ্চিমবঙ্গে ৭৭টি কেন্দ্রে সোমবার সকাল থেকে শুরু ভোটগণনা। তিনস্তরীয় নিরাপত্তা ও কড়া নজরদারিতে ফল ঘোষণার প্রস্তুতি সম্পূর্ণ।

প্রতীকী চিত্র

বহু প্রতীক্ষার অবসান। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোটগণনা শুরু হচ্ছে সোমবার সকাল ৮টা থেকে রাজ্যজুড়ে ৭৭টি কেন্দ্রে। নির্বাচন কমিশনের তরফে এবারের গণনাকে ঘিরে নেওয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা।

নির্বাচন কমিশন জানিয়েছে, এবারে ২৯৪টির মধ্যে ২৯৩টি আসনের ফল ঘোষণা হবে। দক্ষিণ ২৪ পরগনার ফলতা কেন্দ্রে পুনর্নির্বাচনের জন্য ওই একটি আসনের ফল পরে প্রকাশ করা হবে।

Advertisement

নিরাপত্তার স্বার্থে এবারে গণনা কেন্দ্রের সংখ্যা কমিয়ে ৭৭ করা হয়েছে, যা আগের নির্বাচনের তুলনায় অনেকটাই কম। এর ফলে প্রতিটি কেন্দ্রে নিরাপত্তা ও নজরদারি আরও জোরদার করা সম্ভব হবে বলে মনে করছে কমিশন।

Advertisement

তিনস্তরীয় নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে প্রতিটি গণনা কেন্দ্র। সবচেয়ে ভেতরের স্তরে শুধুমাত্র কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। দ্বিতীয় স্তরে কেন্দ্র ও রাজ্য বাহিনী যৌথভাবে দায়িত্ব সামলাবে। আর বাইরের স্তরে থাকবে কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশের জওয়ানরা।

গণনা কেন্দ্রে প্রবেশের ক্ষেত্রেও কড়া নিয়ম চালু করা হয়েছে। অনুমোদিত আধিকারিক, প্রার্থী ও এজেন্টদের জন্য তিন ধাপে পরিচয় যাচাই করা হবে। প্রথম দুই ধাপে হাতে যাচাই, আর শেষ ধাপে কিউআর কোড স্ক্যান বাধ্যতামূলক করা হয়েছে।

এছাড়া গণনা কক্ষে মোবাইল ফোন নিয়ে ঢোকার অনুমতি থাকবে না, শুধুমাত্র নির্দিষ্ট পর্যবেক্ষক ও দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের ক্ষেত্রে কিছু ছাড় দেওয়া হয়েছে।

গণনা প্রক্রিয়া যাতে স্বচ্ছ ও নির্ভুল হয়, তার জন্য অতিরিক্ত ১৬৫ জন গণনা পর্যবেক্ষক ও ৭৭ জন পুলিশ পর্যবেক্ষক নিয়োগ করেছে কমিশন।

পোস্ট-পোল হিংসা ঠেকাতে রাজ্যে এখনও পর্যন্ত ৭০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখা হয়েছে। প্রশাসনের দাবি, শান্তিপূর্ণভাবে ফল ঘোষণা করাই এখন সবচেয়ে বড় লক্ষ্য।

বিশেষজ্ঞদের মতে, এবারের এই কড়া নিরাপত্তা ও প্রযুক্তিনির্ভর ব্যবস্থা ভবিষ্যতের নির্বাচনের জন্য নতুন দিশা দেখাতে পারে।

Advertisement