গোটা রাজ্য অপেক্ষা করছে ৪ মে-র জন্য। ছাব্বিশের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আজ ফল প্রকাশ। দ্বিতীয় দফার ভোট শেষ হওয়ার পর থেকেই স্নায়ুযুদ্ধ চরমে পৌঁছেছে। কোন দল বাংলার মসনদে বসবে তা নিয়ে জল্পনার বিরতি নেই। আর তার মধ্যেই গণনা কেন্দ্রের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
রাজ্যের ভোটগণনা কেন্দ্রের সংখ্যা সম্প্রতি কমানো হয়েছে। গত ৩০ এপ্রিল নির্বাচন কমিশন ৮৭টি কেন্দ্র থেকে তা কমিয়ে ৭৭-এ নিয়ে আসে। রবিবার মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর মোট ২৯৩টি বিধানসভা আসনের ভোট কোন কোন কেন্দ্রে গণনা হবে, তার পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেছে। শুধু কেন্দ্রের নামই নয়, জেলা অনুযায়ী প্রতিটি গণনাকেন্দ্রের ঠিকানাও স্পষ্টভাবে জানানো হয়েছে।
Advertisement
প্রকাশিত তালিকা অনুযায়ী, কলকাতার ১১টি বিধানসভা আসনের ভোট গণনার জন্য মোট পাঁচটি কেন্দ্র থাকবে। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের পাশেই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চৌরঙ্গী, এন্টালি, বেলেঘাটা, জোড়াসাঁকো, শ্যামপুকুর, মানিকতলা এবং কাশীপুর-বেলগাছিয়া কেন্দ্রের ভোটগণনা হবে। ভবানীপুর আসনের গণনা হবে সাখাওয়াত মেমোরিয়াল স্কুলে। কলকাতা বন্দর কেন্দ্রের ভোট গণনা হবে ডায়মন্ড হারবার রোডের সেন্ট টমাস বয়েজ স্কুলে। রাসবিহারী কেন্দ্রের জন্য বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল এবং বালিগঞ্জ কেন্দ্রের জন্য বালিগঞ্জ সার্কুলার রোডে অবস্থিত বাবা সাহেব অম্বেডকর এডুকেশন বিশ্ববিদ্যালয় ঠিক করা হয়েছে।
Advertisement
এছাড়া যাদবপুরের এপিসি রায় পলিটেকনিক কলেজে ভাঙড়, সোনারপুর উত্তর ও দক্ষিণ কেন্দ্রের ভোট গণনা চলবে। আলিপুর জাজেস কোর্ট সংলগ্ন বিহারীলাল কলেজে বেহালা পূর্ব, বেহালা পশ্চিম ও কসবা কেন্দ্রের গণনা হবে। আলিপুরের হেস্টিংস হাউস কমপ্লেক্সে মহেশতলা, মেটিয়াবুরুজ, বজবজ, যাদবপুর এবং টালিগঞ্জ কেন্দ্রের ভোট গণনার ব্যবস্থা করা হয়েছে।
জেলাভিত্তিক হিসেব অনুযায়ী, বিভিন্ন জেলায় ভিন্ন সংখ্যক গণনাকেন্দ্র রাখা হয়েছে। যেমন আলিপুরদুয়ারে ১টি, বাঁকুড়া ও বীরভূমে ৩টি করে, কোচবিহারে ৫টি, দক্ষিণ দিনাজপুরে ২টি এবং দার্জিলিঙে ৩টি কেন্দ্র থাকবে। হুগলি ও মুর্শিদাবাদে ৫টি করে, হাওড়ায় ৪টি, জলপাইগুড়িতে ২টি এবং ঝাড়গ্রাম ও কালিম্পঙে ১টি করে কেন্দ্র নির্ধারিত হয়েছে।
মালদহে ২, মুর্শিদাবাদে ৫, নদিয়ায় ৪, পশ্চিম বর্ধমানে ২, পশ্চিম মেদিনীপুরে ৩, পূর্ব বর্ধমানে ৪, পূর্ব মেদিনীপুরে ৪, পুরুলিয়ায় ৩, দক্ষিণ ২৪ পরগনার ৬ এবং উত্তর দিনাজপুর জেলায় ২টি গণনাকেন্দ্র থাকবে। উত্তর ২৪ পরগনায় সর্বাধিক ৭টি গণনাকেন্দ্র রাখা হয়েছে, কারণ এই জেলাতেই সর্বাধিক ৩৩টি বিধানসভা আসন রয়েছে। বারাসত গভর্নমেন্ট কলেজ অ্যান্ড হাইস্কুল, বসিরহাট হাই স্কুল, বসিরহাট পলিটেকনিক কলেজ, বিধাননগর কলেজ, বনগাঁর দীনবন্ধু মহাবিদ্যালয়, পানিহাটির গুরুনানক কলেজ ক্যাম্পাস এবং ব্যারাকপুরের রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজে ভোটগণনা হবে।
Advertisement



