• facebook
  • twitter
Sunday, 3 May, 2026

ভবানীপুর নিয়ে রবিবার সন্ধেয় কালীঘাটে বৈঠক মমতার

সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ কালীঘাটের বাড়ি থেকেই এই বৈঠক করবেন তিনি

প্রতিনিধিত্বমূলক চিত্র

রবিবার সন্ধ্যায় ভোটগণনার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ কালীঘাটের বাড়ি থেকেই এই বৈঠক করবেন তিনি। বিশেষভাবে নজরে রয়েছে ভবানীপুর, যে কেন্দ্র থেকে নিজেই প্রার্থী হয়েছেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, এই বৈঠকের মূল লক্ষ্য ভবানীপুরের ভোটগণনা সংক্রান্ত খুঁটিনাটি বিষয়গুলি দলীয় কর্মী ও এজেন্টদের স্পষ্টভাবে বুঝিয়ে দেওয়া।

বৈঠকে উপস্থিত থাকবেন ভবানীপুর বিধানসভা এলাকার ৮ জন কাউন্সিলর, ওয়ার্ড প্রেসিডেন্ট এবং চিফ ইলেকশন এজেন্টরা। পাশাপাশি আরও কয়েকজন গুরুত্বপূর্ণ তৃণমূল নেতা উপস্থিত থাকতে পারেন। শুধু তাই নয়, রাজ্যের অন্যান্য কেন্দ্রের প্রার্থীদের সঙ্গেও ভার্চুয়ালি যোগাযোগ করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

এই কেন্দ্রটি ঘিরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে, কারণ এখানে মুখোমুখি লড়াইয়ে রয়েছেন দুই হেভিওয়েট প্রার্থী—মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অতীতে নন্দীগ্রাম কেন্দ্রের ভোটগণনা ঘিরে যে নাটকীয় পরিস্থিতি তৈরি হয়েছিল, তা এখনও রাজনৈতিক মহলে আলোচিত। সেই সময় প্রথমে জয়ী হিসেবে মমতার নাম ঘোষণা হলেও, পরে শেষ হাসি হেসেছিলেন শুভেন্দু। এই ঘটনাকে কেন্দ্র করে বিতর্ক ছড়িয়েছিল, এমনকি বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়।

Advertisement

সেই অভিজ্ঞতা থেকেই এবারে আগাম সতর্ক থাকতে চাইছেন তৃণমূল নেত্রী। ইতিমধ্যেই দলীয় এজেন্টদের স্পষ্ট নির্দেশ দিয়েছেন, গণনা শেষ না হওয়া পর্যন্ত কেউ যেন কাউন্টিং সেন্টার না ছাড়েন—রাত যতই হোক না কেন। কীভাবে পরিস্থিতি সামলাতে হবে, এমনকি দীর্ঘ সময় ধরে কাজ করার জন্য কী খাওয়া উচিত, সেই সম্পর্কেও বিস্তারিত গাইডলাইন দিয়েছেন তিনি।

Advertisement