• facebook
  • twitter
Wednesday, 29 April, 2026

দ্বিতীয় দফায় ৯২% ছাড়াল ভোট, শীর্ষে পূর্ব বর্ধমান, পিছিয়ে কলকাতা

সকাল ৯টা পর্যন্ত ভোট পড়েছিল ১৮.৩৯ শতাংশ, যা প্রথম দফার তুলনায় সামান্য কম হলেও ২০২৪ সালের লোকসভা নির্বাচনের তুলনায় অনেকটাই বেশি।

প্রতীকী চিত্র

রাজ্যে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় নজরকাড়া ভোটদানের ছবি সামনে এসেছে। সাত জেলার ১৪২টি আসনে ভোটগ্রহণ শেষে সন্ধ্যা ৭টা পর্যন্ত গড় ভোটের হার পৌঁছেছে ৯২.৪৭ শতাংশে। যদিও চূড়ান্ত হিসেব আরও বাড়তে পারে, কারণ নির্ধারিত সময়ের পরেও বহু বুথে ভোটগ্রহণ চলেছে।

এই দফায় সবচেয়ে বেশি ভোট পড়েছে পূর্ব বর্ধমান জেলায়, আর সবচেয়ে কম ভোটের হার দেখা গিয়েছে কলকাতা দক্ষিণে। আসনভিত্তিক হিসেবেও একই প্রবণতা বজায় রয়েছে। হাড়োয়া কেন্দ্রে সর্বোচ্চ ৯৬.৪৬ শতাংশ ভোট পড়েছে, অন্যদিকে রাজারহাট গোপালপুরে ভোটের হার সবচেয়ে কম— ৮৪.৩৬ শতাংশ। ভবানীপুরে ভোট পড়েছে ৮৬.৪৩ শতাংশ, ভাঙড়ে ৯২.৩৬ শতাংশ।

Advertisement

দিনভর ভোটের গতি ছিল বেশ চাঙ্গা। সকাল ৯টা পর্যন্ত ভোট পড়েছিল ১৮.৩৯ শতাংশ, যা প্রথম দফার তুলনায় সামান্য কম হলেও ২০২৪ সালের লোকসভা নির্বাচনের তুলনায় অনেকটাই বেশি। সকাল ১১টা পর্যন্ত সেই হার বেড়ে হয় প্রায় ৪০ শতাংশের কাছাকাছি। দুপুর ১টায় তা পৌঁছয় ৬১.১১ শতাংশে, আর বিকেল ৩টে পর্যন্ত ভোটের হার দাঁড়ায় ৭৮.৬৮ শতাংশে। শেষ বিকেলেও ভোটারদের লম্বা লাইন চোখে পড়েছে বিভিন্ন কেন্দ্রে।

Advertisement

আসনভিত্তিক পরিসংখ্যানে দেখা যাচ্ছে, মন্তেশ্বর ও গলসিতে শুরু থেকেই ভোটদানের হার বেশি ছিল। অন্যদিকে, মহেশতলা ও ভাঙড়ে তুলনামূলকভাবে কম ভোট পড়ার প্রবণতা দেখা যায় দিনের বিভিন্ন সময়ে। উল্লেখযোগ্যভাবে, এবারের ভোটদানের হার ২০২৪ সালের লোকসভা নির্বাচনের তুলনায় অনেকটাই বেশি। সেই নির্বাচনে বিভিন্ন দফায় সকাল, দুপুর ও বিকেলের ভোটের হার তুলনামূলকভাবে কম ছিল। ফলে এ বার ভোটারদের অংশগ্রহণ যে বেড়েছে, তা স্পষ্ট। প্রথম দফায় রাজ্যে শেষ পর্যন্ত ভোটের হার ছিল ৯৩.১৯ শতাংশ। দ্বিতীয় দফাও সেই রেকর্ডের কাছাকাছি পৌঁছেছে। এখন নজর চূড়ান্ত পরিসংখ্যানের দিকে।

Advertisement