• facebook
  • twitter
Tuesday, 28 April, 2026

সোনা পাপ্পুর বিরুদ্ধে মামলায় ইডির তল্লাশিতে বাজেয়াপ্ত ১০ লক্ষ টাকা

রেশন দুর্নীতি সংক্রান্ত পৃথক মামলায় ১১টি জায়গায় তল্লাশি করে ১৮.৪ লক্ষ টাকা উদ্ধার করা হয়

বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পুর বিরুদ্ধে আর্থিক তছরুপের মামলায় তল্লাশি চালিয়ে নগদ ১০ লক্ষ টাকা, সোনার গয়না, গুরুত্বপূর্ণ নথিপত্র এবং কিছু ডিজিটাল ডিভাইস বাজেয়াপ্ত করেছে ইডি। সোমবার প্রকাশিত এক বিবৃতিতে সংস্থাটি জানায়, উদ্ধার হওয়া নথির মধ্যে এমন কিছু তথ্য রয়েছে যা রাজনৈতিক মহলের সঙ্গে আর্থিক লেনদেনের ইঙ্গিত দেয়। এই ঘটনায় সোনা পাপ্পু এখনও পলাতক।

তদন্তের অংশ হিসেবে রবিবার কলকাতার তিনটি স্থানে অভিযান চালানো হয়। আনন্দপুর ও আলিপুরে দুই ব্যবসায়ীর বাড়িসহ মোট তিন জায়গায় তল্লাশি চালিয়ে এই বিপুল পরিমাণ অর্থ ও সামগ্রী উদ্ধার করা হয়েছে। সোনা পাপ্পুর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ব্যবসায়ী জয় কামদারকে ইতিমধ্যে গ্রেফতার করেছে ইডি। বর্তমানে তিনি সংস্থার হেফাজতে রয়েছেন, যার মেয়াদ মঙ্গলবার শেষ হওয়ার কথা।

Advertisement

ইডির দাবি, সোনা পাপ্পু ও জয় কামদারের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল এবং তাদের মধ্যে বড় অঙ্কের আর্থিক লেনদেন হয়েছে। তদন্তে আরও উঠে এসেছে, জয় নাকি সোনা পাপ্পুর স্ত্রীকে একটি আগ্নেয়াস্ত্র পাঠিয়েছিলেন। তবে ওই অস্ত্র কেনার কোনও বৈধ নথি তিনি দেখাতে পারেননি। এছাড়া, ভুয়ো সংস্থার মাধ্যমে হাওয়ালা লেনদেনের সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement

এর আগেও, রেশন দুর্নীতি সংক্রান্ত পৃথক মামলায় গত শনিবার কলকাতা, হাবড়া ও বর্ধমানে একযোগে অভিযান চালায় ইডি। সেদিন মোট ১১টি জায়গায় তল্লাশি করে ১৮.৪ লক্ষ টাকা উদ্ধার করা হয়। পাশাপাশি, বেশ কিছু সন্দেহজনক নথি ও ডিজিটাল ডিভাইসও বাজেয়াপ্ত করা হয়েছে।

Advertisement