• facebook
  • twitter
Saturday, 25 April, 2026

আগুনে ভস্মীভূত সন্তোষপুরের বস্তি, পুড়ে ছাই ৪০টি ঘর

ক্ষতিগ্রস্ত হয় ওভারহেড তার, ফলে নিরাপত্তার কারণে বজবজ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন শয়ে শয়ে নিত্যযাত্রী।

ভরদুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে তছনছ হয়ে গেল দক্ষিণ ২৪ পরগনার আক্রা সন্তোষপুর এলাকার একটি বস্তি। শনিবার দুপুরে আচমকাই আগুন লেগে মুহূর্তের মধ্যে লেলিহান শিখা গ্রাস করে নেয় প্রায় ৪০টি ঝুপড়ি ঘর। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে, তা ছড়িয়ে পড়ে পাশের রেললাইনের পরিকাঠামোতেও। ক্ষতিগ্রস্ত হয় ওভারহেড তার, ফলে নিরাপত্তার কারণে বজবজ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন শয়ে শয়ে নিত্যযাত্রী।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘিঞ্জি বস্তি এলাকায় প্রচুর দাহ্য বস্তু থাকায় আগুন দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, চোখের সামনে একের পর এক ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে। আতঙ্কে দিশেহারা হয়ে পড়েছেন বাসিন্দারা। অনেকেই প্রাণ বাঁচাতে ঘর ছেড়ে বেরিয়ে আসেন, ফলে বড়সড় প্রাণহানির আশঙ্কা এড়ানো গেলেও বিপুল সম্পত্তির ক্ষতি হয়েছে।

Advertisement

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন। পরে পরিস্থিতির গুরুত্ব বুঝে আরও ইঞ্জিন পাঠানো হয়। দীর্ঘক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু হয়। অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনও স্পষ্ট না হলেও প্রাথমিকভাবে দমকলের অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুন লাগতে পারে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে রেললাইনের দিকে, যার ফলে ওভারহেড তারে আগুন লাগে এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে বাধ্য হয় রেল কর্তৃপক্ষ। রেল পরিষেবা স্বাভাবিক করতে তৎপর হয় পূর্ব রেল। প্রযুক্তিগত দল ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্ত অংশ পরিদর্শন করে এবং দ্রুত মেরামতির কাজ সম্পন্ন করা হয়।

Advertisement

এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পুনর্বাসন এবং আগুন লাগার সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে প্রশাসন।

Advertisement