বিনিয়োগকারী বা সাধারণ গ্রাহক থেকে শুরু করে এজেন্টদের সুবিধার্থে দুটি বিশেষ অ্যাপ চালু করল ভারতীয় জীবন বিমা নিগম বা এলআইসি। এই নতুন দুটি অ্যাপের ফলে বিমার প্রিমিয়াম দেওয়া থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে একাধিক সুবিধা মিলবে বলে সংস্থার তরফে জানানো হয়েছে।
গত সপ্তাহে পলিসি হোল্ডার বা গ্রাহক এবং মার্কেটিং কর্মীদের জন্য দুটি মোবাইল অ্যাপ চালু করেছে এলআইসি। গ্রাহকদের জন্য চালু হয়েছে ‘মাই এলআইসি’ এবং মার্কেটিং কর্মী বা এজেন্টদের জন্য ‘সুপার সেলস সাথী’ নামে এই অ্যাপ লঞ্চ করা হয়েছে। কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের আর্থিক পরিষেবা বিভাগের সচিব এম নাগরাজু এই অ্যাপগুলো চালু করেন।
এলআইসির ওই অনুষ্ঠানে সংস্থার সিইও এবং এমডি আর দোরাইস্বামী, ম্যানেজিং ডিরেক্টর দীনেশ পান্ত-সহ শীর্ষকর্তারা উপস্থিত ছিলেন। সংস্থার তরফে জানানো হয়েছে, গ্রাহকদের আরও বেশি সুবিধা দিতে এবং মার্কেটিং কর্মীদের কর্মদক্ষতা বাড়ানোর উদ্দেশে অত্যাধুনিক এআই প্রযুক্তি ব্যবহার করে এই অ্যাপগুলো তৈরি করা হয়েছে। এ প্রসঙ্গে নাগরাজু বলেন, ‘এলআইসি-র ডিজিটাল ব্যবস্থা এখন শুধু পরিষেবার মধ্যেই সীমাবদ্ধ না থেকে একটি কৌশলগত প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। এই দুই নতুন মোবাইল অ্যাপ সংস্থার পরিষেবা আরও সহজ ও দ্রুত করবে।’ অন্যদিকে দোরাইস্বামী বলেন, এই অ্যাপগুলি গ্রাহক এবং এজেন্টদের বিশেষ সুবিধা দেবে।
জানা গিয়েছে, মাই এলআইসি অ্যাপের মাধ্যমে গ্রাহকরা সহজেই তাঁদের বিমা পলিসি পরিচালনা করতে পারেন। এই অ্যাপের মাধ্যমে অনলাইনে তাৎক্ষণিকভাবে প্রিমিয়াম দেওয়া যাবে। পাশাপাশি পলিসি থেকে সহজেই ঋণ নিতেও পারবেন। পাশাপাশি মেয়াদোত্তীর্ণ পলিসি রিনিউ করার সুযোগও পাবেন গ্রাহকরা। জানতে পারবেন নতুন পলিসি সম্পর্কেও।
অন্যদিকে, সুপার সেলস সাথীতে রয়েছে আধুনিক ডিজিটাল সেলস টুলস। এই অ্যাপের মাধ্যমে এজেন্টরা গ্রাহকদের পলিসি সংক্রান্ত বিষয়ে আরও ভালো পরামর্শ দেওয়ার জন্য এআই-ভিত্তিক সাজেশন ব্যবহার করতে পারবেন।




