• facebook
  • twitter
Tuesday, 21 April, 2026

বাইকবাহিনীর দৌরাত্ম্য রুখতে কড়া পদক্ষেপ, সময় বেঁধে দিল কমিশন

নির্দেশ অনুযায়ী, ভোটের আগে মোটরবাইক র‍্যালি সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে

আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শান্তিপূর্ণ ও হিংসামুক্ত ভোটপরিবেশ নিশ্চিত করতে একাধিক কড়া পদক্ষেপ নিল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। সোমবার জারি করা নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে, ভোটের দু’দিন আগে থেকেই মোটরসাইকেল ব্যবহার ও চলাচলের উপর বিশেষ বিধিনিষেধ আরোপ করা হবে।

নির্দেশ অনুযায়ী, ভোটের আগে মোটরবাইক র‍্যালি সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে, শুধুমাত্র জরুরি পরিষেবার ক্ষেত্রে ছাড় থাকবে। দিনের বেলাতেও, অর্থাৎ সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পিলিয়ন রাইডিংয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে চিকিৎসা সংক্রান্ত প্রয়োজন, পারিবারিক জরুরি অবস্থা বা স্কুল পড়ুয়াদের যাতায়াতের ক্ষেত্রে কিছুটা ছাড় রাখা হয়েছে বলে দপ্তর সূত্রে জানা গিয়েছে।

Advertisement

ভোটের দিন অবশ্য কিছুটা শিথিলতা দেওয়া হয়েছে। সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পরিবার-সহ পিলিয়ন রাইডিংয়ের অনুমতি থাকবে। কমিশনের মতে, ভোটারদের বুথমুখী করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advertisement

প্রশাসনিক সূত্রে খবর, বিশেষ প্রয়োজনে স্থানীয় থানার কাছ থেকে লিখিত অনুমতি নিয়ে এই বিধিনিষেধের বাইরে যাওয়া সম্ভব। ইতিমধ্যেই জেলা প্রশাসন ও পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে এই নিয়মগুলি কঠোরভাবে কার্যকর করা হয় এবং সর্বস্তরে তার প্রচার চালানো হয়।

কমিশনের অভিমত, ভোটের সময় বাইকবাহিনীর মাধ্যমে ভীতি প্রদর্শন বা অশান্তি ছড়ানোর অভিযোগ আগেও উঠেছে। সেই অভিজ্ঞতা থেকেই এবার আগাম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। লক্ষ্য একটাই—ভোটারদের জন্য নিরাপদ, নির্ভীক এবং অবাধ ভোটপরিবেশ নিশ্চিত করা।

Advertisement