• facebook
  • twitter
Tuesday, 21 April, 2026

মঙ্গলবার বিকেলের মধ্যে পর্যটকদের দিঘা, মন্দারমণি ছাড়ার নির্দেশ কমিশনের

২১ এপ্রিল সন্ধ্যা ৬টা থেকে ২৩ এপ্রিল প্রথম দফার ভোটগ্রহণ শেষ না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে

রাজ্যে আসন্ন ভোটের কথা মাথায় রেখে ঘোরাফেরাতেও নিষেধাজ্ঞা। নির্দেশ দেওয়া হয়েছে, দিঘা, মন্দারমণি, তাজপুর, উদয়পুর ও শংকরপুরের মতো জনপ্রিয় সমুদ্রতট পর্যটনকেন্দ্রগুলি মঙ্গলবার বিকেলের মধ্যেই খালি করতে হবে পর্যটকদের। ২১ এপ্রিল সন্ধ্যা ৬টা থেকে ২৩ এপ্রিল প্রথম দফার ভোটগ্রহণ শেষ না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে, এই সময়ের মধ্যে ভিন জেলার কোনও ব্যক্তি ওইসব এলাকায় হোটেল বা গেস্ট হাউসে থাকতে পারবেন না। একইসঙ্গে বাইরের রাজনৈতিক নেতা-কর্মী বা প্রচারকদেরও সেখানে অবস্থান করার অনুমতি দেওয়া হবে না। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের পর স্থানীয় হোটেল কর্তৃপক্ষও পর্যটকদের আগেভাগেই চেক-আউট করার অনুরোধ জানিয়েছে এবং নতুন করে বুকিং নেওয়া বন্ধ রেখেছে।

Advertisement

২৩ এপ্রিল বৃহস্পতিবার রাজ্যে প্রথম দফার ভোট হবে মোট ১৫২টি আসনে, যার মধ্যে পূর্ব মেদিনীপুর জেলার সবকটি কেন্দ্র অন্তর্ভুক্ত। রামনগর বিধানসভা এলাকার অন্তর্গত দিঘা, মন্দারমনি, তাজপুর, উদয়পুর, শংকরপুর-সহ সবক’টি জনপ্রিয় পর্যটনস্থলেল সারা বছর পর্যটকে ভরা থাকে। তবে ভোটের সময় বহিরাগতদের অনুপ্রবেশ রোধ করতে এবং সম্ভাব্য অশান্তি এড়াতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে কমিশন সূত্রে জানা গিয়েছে।

Advertisement

পুলিশ প্রশাসনের তরফে ইতিমধ্যেই মাইকে প্রচার শুরু হয়েছে, যাতে পর্যটকদের নির্দিষ্ট সময়ের মধ্যে এলাকা ছাড়ার অনুরোধ জানানো হচ্ছে। এই নির্দেশ অমান্য করলে ভারতীয় ন্যায় সংহিতা ২০২৩-এর ২২৩ ধারায় শাস্তির মুখে পড়তে হতে পারে।

কমিশনের বিজ্ঞপ্তি জারির পর সোমবার রাত থেকে দিঘা, দিঘা মোহনা এবং মন্দারমণি উপকূল থানার তরফে  মাইকে প্রচার শুরু হয়েছে। পর্যটকদের বিকেল ৫টার মধ্যে এসব স্থান ছেড়ে ফিরে যেতে বলা হচ্ছে।  বহিরাগতদে অশান্তিতে উসকানি দিতে পারে  সেই আশঙ্কায় পর্যটকদেরও ফিরে যেতে বলা হয়েছে। এছাড়া ভোট চলাকালীন এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যেও কমিশনের এই নির্দেশ বলে জানানো হয়েছে।

 

 

Advertisement