• facebook
  • twitter
  • youtube
Saturday, 4 July, 2026

সল্টলেকের আনন্দলোক হাসপাতালে আগুন, নিরাপদে রোগীরা

ইতিমধ্যে রোগীদের স্থানান্তরের কাজ শুরু হয়েছে।

সল্টলেকের আনন্দলোক হাসপাতালে  আগুন, নিরাপদে রোগীরা

সল্টলেকের আনন্দলোক হাসপাতালে মঙ্গলবার সকালে ভয়াবহ আগুন লাগে। হাসপাতালের দো’তলায় প্রথম আগুন লাগে  বলে জানা যায়। পথচারীরা রাস্তা থেকেই আগুনের শিখা ও কালো ধোঁয়া দেখতে পেয়ে দমকল বিভাগকে খবর দেন। অল্প সময়ের মধ্যেই দমকলের দু’টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজে হাত লাগায়। ততক্ষণে হাসপাতালের দো’তলায় থাকা অপারেশন থিয়েটারের একাংশ আগুনে ক্ষতিগ্রস্ত হয়।

দমকলের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও আগুন নেভানোর কাজে এগিয়ে আসেন। একই সঙ্গে দ্রুত রোগীদের নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, প্রায় ৭০-৭৫ জন রোগীকে অন্য ভবনে স্থানান্তর করা হয়েছে এবং সকলেই নিরাপদে রয়েছেন। কিছু কর্মীর দাবি, দোতলা এবং তিনতলায় ভর্তি থাকা রোগীদের সম্পূর্ণভাবে উদ্ধার করা হয়েছে, যার মধ্যে ৪০-৪৫ জনকে সরাসরি বের করে আনা হয়।

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রে শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। তবে প্রশাসনের পক্ষ থেকে এখনও এ বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানানো হয়নি। ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে। হাসপাতালের ট্রাস্টি বোর্ডের এক সদস্য জানান, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে এবং কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি। যদিও ঘটনাস্থলে ধোঁয়া কিছুটা সময় ধরে ছিল।

সকাল প্রায় ১১টা নাগাদ আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আসে, তবে দমকল কর্মীরা সম্পূর্ণ পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ চালিয়ে যান। এদিকে, ঘটনায় আতঙ্ক ছড়ায় রোগী ও তাঁদের পরিবারের মধ্যে। হাসপাতাল কর্তৃপক্ষের তরফে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি, ফলে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ স্পষ্ট নয়। পুরো ঘটনার তদন্ত চলছে।