• facebook
  • twitter
Monday, 20 April, 2026

ডিএ ঘোষণা হলেও আটকে বিজ্ঞপ্তি, কমিশনের অনুমতির অপেক্ষায় রাজ্য

রাজ্য সরকারের পক্ষ থেকে মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে চিঠি পাঠানো হয়েছে, যা পরে কমিশনের কেন্দ্রীয় দপ্তরেও পাঠানো হয়েছে

চলতি বছরের বাজেটে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ৪ শতাংশ মহার্ঘ ভাতা (ডিএ) বৃদ্ধির ঘোষণা করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। কিন্তু ঘোষণার প্রায় আড়াই মাস পরেও সেই সংক্রান্ত সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ না হওয়ায় কর্মচারীদের মধ্যে তৈরি হয়েছে অনিশ্চয়তা ও জল্পনা।
তবে নবান্ন সূত্রে জানা গিয়েছে, বর্তমানে নির্বাচনী আচরণবিধি কার্যকর থাকায় এই ধরনের আর্থিক সিদ্ধান্ত কার্যকর করতে নির্বাচন কমিশনের অনুমতি প্রয়োজন। সেই কারণে রাজ্য সরকারের পক্ষ থেকে মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে চিঠি পাঠানো হয়েছে, যা পরে কমিশনের কেন্দ্রীয় দপ্তরেও পাঠানো হয়েছে। সেখান থেকে অনুমোদন মিললেই ডিএ বৃদ্ধির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কার্যকর করা হবে।

উল্লেখ্য, অন্তর্বর্তী বাজেটে অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছিলেন, ১ এপ্রিল থেকেই বর্ধিত হারে ডিএ কার্যকর হবে এবং মে মাসের বেতনের সঙ্গে কর্মচারীরা বাড়তি অর্থ পাবেন। সাধারণত বাজেট ঘোষণার পর দ্রুতই এই ধরনের সিদ্ধান্তের বিজ্ঞপ্তি জারি করা হয়। কিন্তু এবার সেই প্রক্রিয়ায় বিলম্ব হওয়ায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে।

Advertisement

প্রশাসনের একাংশের মতে, নির্বাচন চলাকালীন নতুন আর্থিক সুবিধা চালুর ক্ষেত্রে কমিশনের অনুমোদন বাধ্যতামূলক, তাই নিয়ম মেনেই এগোচ্ছে সরকার। অন্যদিকে, কর্মচারীদের একাংশের অভিযোগ, এত দেরিতে বিভ্রান্তি তৈরি হচ্ছে এবং ব্যক্তিগত আর্থিক পরিকল্পনাতেও প্রভাব পড়ছে।

Advertisement

সম্প্রতি বিভিন্ন জনসভায় মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন, কর্মচারীদের প্রাপ্য সুবিধা তারা অবশ্যই পাবেন। তবে কবে বিজ্ঞপ্তি জারি হবে, তা পুরোপুরি নির্ভর করছে নির্বাচন কমিশনের ছাড়পত্রের উপর। নবান্নের এক আধিকারিক জানিয়েছেন, দ্রুতই অনুমোদন মিলতে পারে এবং চলতি মাসের মধ্যেই বিজ্ঞপ্তি জারি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে মে মাসের বেতনের সঙ্গে বাড়তি ডিএ পাওয়ার আশা এখনও পুরোপুরি শেষ হয়ে যায়নি। তবে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য এখন সকলের নজর নির্বাচন কমিশনের দিকেই।

Advertisement