এবার কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাসকে সিজিও কমপ্লেক্সে তলব করল ইডি। তাঁর বাড়িতে তল্লাশি চালানোর পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে। শুধু তিনিই নন, তাঁর দুই পুত্রকেও জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে বলে জানা গিয়েছে।
ইডি সূত্রে খবর, দক্ষিণ কলকাতার বাসিন্দা সোনা পাপ্পু এবং বেহালার প্রোমোটার জয় কামদারের সঙ্গে শান্তনুর সম্ভাব্য যোগসূত্রের ইঙ্গিত মিলেছে। কালীঘাট থানার প্রাক্তন ওসি হিসেবে দায়িত্বে থাকার সময় থেকেই এই সম্পর্ক তৈরি হয়েছিল কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পাশাপাশি জানা গিয়েছে, শান্তনুর দুই পুত্র শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত এবং তাঁদের সঙ্গেও জয়ের পরিচয় রয়েছে।
Advertisement
তদন্তকারীরা বিশেষভাবে খতিয়ে দেখতে চাইছেন, ধৃত প্রোমোটারের সঙ্গে পুলিশ আধিকারিক বা তাঁর পরিবারের কোনও আর্থিক লেনদেন হয়েছে কি না। সেই কারণেই পিতা-পুত্র সকলকেই তলব করা হয়েছে বলে ইডি সূত্রে জানা গিয়েছে।
Advertisement
অন্যদিকে, সোনা পাপ্পুর সঙ্গে জয় কামদারের আর্থিক লেনদেনের প্রমাণ ইতিমধ্যেই হাতে পেয়েছেন তদন্তকারীরা। রবিবার দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর জয়কে গ্রেপ্তার করা হলেও এখনও তাঁকে আদালতে পেশ করা যায়নি। অসুস্থ হয়ে পড়ায় তাঁকে আরজি কর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সোমবার তাঁকে আদালতে তোলা হতে পারে।
উল্লেখ্য, কিছুদিন আগে বালিগঞ্জে ঘটে যাওয়া একটি গোলমালের ঘটনায় মূল অভিযুক্ত সোনা পাপ্পুকে এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ওই ঘটনার সূত্র ধরেই তদন্তে নেমে এক আইপিএস আধিকারিককেও আগে জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। রবিবার শান্তনুর ফার্ন রোডের বাড়িতে তল্লাশি চালানো হয়। যদিও ইডি দাবি করেছে, সেই সময় তিনি বাড়িতে ছিলেন না। তবে তাঁর এক পুত্র সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ইডি আধিকারিকেরা তাঁর বাবাকে জিজ্ঞাসাবাদ করেছেন।
Advertisement



