ভোটের আবহে নিউটাউনের শুলনগুড়ি দক্ষিণপাড়া এলাকায় খালের পাড় থেকে বস্তাভর্তি আধার কার্ড উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। রবিবার দুপুরে স্থানীয় কয়েকজন শিশু খেলার সময় একটি পরিত্যক্ত বস্তা দেখতে পায়। সন্দেহ হওয়ায় বিষয়টি জানানো হলে স্থানীয়রা বস্তা খুলে দেখেন, তার মধ্যে রয়েছে ৪০০-রও বেশি আধার কার্ড। স্থানীয়দের দাবি, উদ্ধার হওয়া সমস্ত আধার কার্ডেই শুলনগুড়ি দক্ষিণপাড়ার বাসিন্দাদের ঠিকানা রয়েছে। ফলে কীভাবে এত গুরুত্বপূর্ণ নথি একসঙ্গে খালের পাড়ে এসে পড়ল, তা নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন। ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে।
স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ, উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে। তাঁদের দাবি, ভোটার তালিকা সংশোধনের সময় বহু বাসিন্দা প্রয়োজনীয় নথি বিএলও-র কাছে জমা দিয়েছিলেন। সেই নথির মধ্য থেকে বেছে বেছে তৃণমূল সমর্থকদের আধার কার্ড সরিয়ে ফেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ। তৃণমূলের পক্ষ থেকে আরও দাবি করা হয়েছে, বিজেপি-ঘনিষ্ঠ এক বিএলও এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারেন। যদিও বিজেপির তরফে এই অভিযোগ নিয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
উল্লেখ্য, রাজ্যজুড়ে ভোটার তালিকা সংশোধন এবং নাম বাদ যাওয়া নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক তরজা তুঙ্গে। এই পরিস্থিতিতে আধার কার্ডের মতো গুরুত্বপূর্ণ পরিচয়পত্র খালের ধারে উদ্ধার হওয়ায় উদ্বেগ আরও বেড়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। কীভাবে এতগুলি আধার কার্ড সেখানে এল এবং এর পিছনে কারা জড়িত, তা খতিয়ে দেখছে প্রশাসন।
Advertisement