• facebook
  • twitter
Thursday, 16 April, 2026

বামকে দোষারোপ নয়, আত্মসমালোচনা করুক কংগ্রেস: মহম্মদ সেলিম

সংখ্যালঘু, তফসিলি জাতি-জনজাতি ও অন্যান্য পিছিয়ে পড়া শ্রেণির সমর্থন হারানোর কারণ খুঁজতে কংগ্রেসকেই আত্মসমালোচনার পরামর্শ দেন সিপিআইএম নেতা।

নিজস্ব চিত্র

রাজ্যে বাম ও কংগ্রেসের জোট না হওয়ায় দুই দলই আলাদাভাবে নির্বাচনী লড়াইয়ে নেমেছে। এই আবহে রাহুল গান্ধীর সাম্প্রতিক মন্তব্য ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। মঙ্গলবার রাজ্যে এসে বামফ্রন্টের শিল্পনীতি নিয়ে প্রশ্ন তোলেন তিনি। তারই কড়া জবাব দিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।

সেলিমের বক্তব্য, দেশের রাজনীতিতে একদলীয় কংগ্রেস শাসনের বিরুদ্ধেই কমিউনিস্টদের লড়াই স্বাধীনতার আগে থেকেই। তাঁর দাবি, কংগ্রেস ধীরে ধীরে পুঁজিবাদী পথে হাঁটতে শুরু করে এবং শ্রমিক, কৃষক ও প্রান্তিক মানুষের স্বার্থ থেকে সরে যায়। সেলিম আরও বলেন, ‘যে বড় পুঁজিপতিদের পাশে কংগ্রেস দাঁড়িয়েছিল, তারাই এখন বিজেপির দিকে ঝুঁকেছে’।

Advertisement

এদিন তিনি কংগ্রেসের অতীত জোট রাজনীতির কথাও তুলে ধরেন। সংখ্যালঘু, তফসিলি জাতি-জনজাতি ও অন্যান্য পিছিয়ে পড়া শ্রেণির সমর্থন হারানোর কারণ খুঁজতে কংগ্রেসকেই আত্মসমালোচনার পরামর্শ দেন সিপিআইএম নেতা। তাঁর কথায়, ‘বামেদের দোষারোপ করে কোনও লাভ নেই। কংগ্রেস কেন তাদের পুরনো সামাজিক জোট ভেঙে ফেলল, সেটাই ভাবা দরকার।’

Advertisement

এখানেই থামেননি সেলিম। তাঁর অভিযোগ, বিজেপি বা তৃণমূলকে আক্রমণ করার বদলে রাহুল গান্ধী বেশি গুরুত্ব দিচ্ছেন বামেদের সমালোচনায়। তিনি পরামর্শের সুরে বলেন, ‘কংগ্রেস যদি সত্যিই ঘুরে দাঁড়াতে চায়, তবে নেহরুবাদী আদর্শে ফিরে যেতে হবে এবং মধ্য-বাম রাজনীতির পথেই হাঁটতে হবে।’

রাজ্যে জোট নিয়ে যখন জটিল সমীকরণ, তখন এই মন্তব্য এবং প্রতিমন্তব্যে স্পষ্ট— বাম ও কংগ্রেসের মধ্যে এখন যথেষ্ট দূরত্ব তৈরি হয়েছে। ভোটের মুখে এই মতপার্থক্য ভবিষ্যতের রাজনৈতিক সমীকরণে কতটা প্রভাব ফেলে, সেটাই এখন দেখার।

Advertisement