• facebook
  • twitter
Thursday, 16 April, 2026

রাজ্যের অর্থনীতি নিয়ে বিরূপ মন্তব্য রাজ্যপালের, পাল্টা তোপ মমতার

নববর্ষের অনুষ্ঠানে রাজ্যের অর্থনীতি নিয়ে মন্তব্য রাজ্যপালের। পাল্টা জবাব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, শুরু নতুন রাজনৈতিক বিতর্ক।

প্রতিনিধিত্বমূলক চিত্র

ফের রাজ্য ও রাজ্যপাল সংঘাত! পয়লা বৈশাখের অনুষ্ঠানে রাজ্যের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে মন্তব্য করে নতুন বিতর্কের সূচনা করলেন সি ভি আনন্দ বোসের উত্তরসূরি রাজ্যপাল আরএন রবি। তাঁর এই বক্তব্যের জবাবে তীব্র প্রতিক্রিয়া জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

উল্লেখ্য, বুধবার লোক ভবনে নববর্ষ উদ্‌যাপনের অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে রাজ্যপাল পশ্চিমবঙ্গের অতীত গৌরবের কথা তুলে ধরেন। তিনি বলেন, একসময় সাহিত্য, সংস্কৃতি ও শিল্পে রাজ্য যেমন এগিয়ে ছিল, তেমনই অর্থনীতিতেও দেশের অন্যতম শক্তিশালী অবস্থানে ছিল বাংলা। তবে বর্তমান পরিস্থিতিতে সেই গরিমা অনেকটাই কমেছে বলে তাঁর মত।

Advertisement

রাজ্যের তরুণ প্রজন্মের উদ্দেশে তিনি আহ্বান জানান, ‘ইতিবাচক মানসিকতা নিয়ে পরিবর্তনের অংশ হোন। উন্নয়ন আকাশ থেকে নেমে আসে না, আমাদেরই তা গড়ে তুলতে হয়।’ তাঁর মতে, দেশ যখন দ্রুত গতিতে এগোচ্ছে, তখন পশ্চিমবঙ্গেরও সেই গতির সঙ্গে তাল মিলিয়ে চলা প্রয়োজন। অর্থনীতির প্রসঙ্গ টেনে রাজ্যপাল দাবি করেন, একসময় দেশের মোট উৎপাদনে পশ্চিমবঙ্গের অবদান ছিল উল্লেখযোগ্য। কিন্তু বর্তমানে মাথাপিছু আয় ও শিল্পের ক্ষেত্রে রাজ্য অনেকটাই পিছিয়ে পড়েছে। তাঁর বক্তব্য, জাতীয় স্তরে অন্যান্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গের অবস্থান এখন আগের মতো নেই।

Advertisement

এই মন্তব্যের জবাবেই উত্তর দিনাজপুরের ইসলামপুরের সভা থেকে নাম না করে পাল্টা আক্রমণ শানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সরাসরি রাজ্যপালকে নিশানা করে বলেন, ‘বাংলার লাটসাহেব! সবচেয়ে বড় বাড়িতে যিনি থাকেন, আমি নাম নেব না, আজ বিবৃতি দিয়েছেন। আজ নববর্ষ, বাংলার মানুষকে অভিনন্দন জানান। আমাকে গালি দিয়েছেন।’

মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, বর্তমানে রাজ্যের আইনশৃঙ্খলার দায়িত্ব নির্বাচন প্রক্রিয়ার জন্য কেন্দ্রীয় সংস্থার হাতে থাকায় অশান্তির পরিস্থিতি তৈরি হচ্ছে। তাঁর দাবি, আগে এ ধরনের সমস্যা এত ঘনঘন দেখা যেত না। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, নতুন রাজ্যপাল দায়িত্ব নেওয়ার পর গত এক মাস তুলনামূলকভাবে শান্ত পরিবেশ থাকলেও, নববর্ষের দিনেই এই মন্তব্যকে ঘিরে রাজ্য বনাম রাজ্যপাল সম্পর্কের নতুন টানাপোড়েন শুরু হল।

তবে তৃণমূল শিবিরের বক্তব্য, বাংলার উন্নয়ন ও মানুষের কল্যাণে যে কাজ হয়েছে, তা অস্বীকার করা যায় না। রাজ্যের অগ্রগতি অব্যাহত রয়েছে বলেই তাঁদের দাবি।

Advertisement