• facebook
  • twitter
  • youtube
Monday, 8 June, 2026

গাড়ি তল্লাশি নিয়ে সরব মুখ্যমন্ত্রী, নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন মমতার

গাড়ি তল্লাশি নিয়ে কেন্দ্রীয় বাহিনী ও নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইসলামপুরের সভা থেকে তীব্র প্রতিক্রিয়া।

ভোটের আবহে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা ও নির্বাচন প্রক্রিয়া নিয়ে ফের সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার উত্তর দিনাজপুরের ইসলামপুরের জনসভা থেকে তিনি অভিযোগ করেন, এদিন দমদম বিমানবন্দরে যাওয়ার পথে তাঁর গাড়ি তল্লাশির চেষ্টা করে কেন্দ্রীয় বাহিনী।
মুখ্যমন্ত্রী বলেন, ‘আজ আমার গাড়িও তল্লাশি করতে এসেছিল। আমি বলেছি, করুন, প্রতিদিন করুন। যদি তৃণমূলের সব নেতার গাড়ি তল্লাশি হয়, তাহলে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী বা অন্যদের গাড়ি কেন হবে না?’

এই ঘটনাকে কেন্দ্র করে তিনি নির্বাচন পরিচালনার নিরপেক্ষতা নিয়েই প্রশ্ন তোলেন। তাঁর অভিযোগ, একতরফাভাবে তৃণমূল নেতাদেরই লক্ষ্য করে তল্লাশি চালানো হচ্ছে, যা গণতান্ত্রিক প্রক্রিয়ার পক্ষে সঠিক নয়। তিনি আরও বলেন, ‘আমার গাড়ি তল্লাশি করতে এসে তারা ভয় পেয়ে চলে গেছে। আমি তো কোনও চোর নই, ডাকাত নই। আমি সরকারের কাছ থেকে এক পয়সাও বেতন নিই না।’ তাঁর এই মন্তব্যে সভায় উপস্থিত জনতার মধ্যে ব্যাপক সাড়া পড়ে।

প্রসঙ্গত, সম্প্রতি নির্বাচন কমিশনের পক্ষ থেকে তৃণমূলের নেতা ও তাঁদের পরিবারের গাড়ি তল্লাশির নির্দেশ দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। যদিও কমিশনের তরফে এ বিষয়ে সরাসরি কোনও প্রতিক্রিয়া এখনও মেলেনি। একইসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রীদের বিরুদ্ধেও বিস্ফোরক অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, নির্বাচনের সময় অর্থের প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন কার্ড বিলি করা হচ্ছে, যা নির্বাচন বিধির পরিপন্থী।

মুখ্যমন্ত্রী বলেন, ‘এখন কেন এসব কার্ড দেওয়া হচ্ছে? ভোটের আগে এসব করা কি নিয়মসঙ্গত?’ তিনি নির্বাচন কমিশনের কাছে এই বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়ার আবেদন জানান।রাজনৈতিক মহলের মতে, ভোট যত এগোচ্ছে, ততই বাড়ছে অভিযোগ ও পাল্টা অভিযোগের ঝড়। তবে শেষ পর্যন্ত সাধারণ মানুষের মতামতই নির্ধারণ করবে নির্বাচনের ফলাফল।