• facebook
  • twitter
  • youtube
Wednesday, 29 July, 2026

আজই রাজ্যে আসছেন ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী

তিন দিনের বঙ্গসফরে আসছেন নির্বাচন কমিশনের উচ্চপদস্থ আধিকারিকরা

আজই রাজ্যে আসছেন ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী

আগামী ২৩ এপ্রিল রাজ্যে প্রথম দফার নির্বাচন। হাতে আর মাত্র ১০ দিন বাকি। এর মধ্যেই তিন দিনের বঙ্গসফরে আসছেন নির্বাচন কমিশনের উচ্চপদস্থ আধিকারিকরা। ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাজ্যে এসে সরাসরি ভোটের প্রস্তুতি খতিয়ে দেখবেন। তাঁর সঙ্গে আরও দুই সিনিয়র কমিশনার থাকার সম্ভাবনা রয়েছে।

ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জেলায় ঘুরে প্রস্তুতি পর্যবেক্ষণ করছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল। প্রশাসনিক বৈঠকের পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে কথা বলে ভোট সম্পর্কে আস্থা বাড়ানোর চেষ্টা করছেন তিনি।

সূত্র অনুযায়ী, সফরের প্রথম দিনেই অর্থাৎ সোমবার প্রতিনিধি দল পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হুগলি, উত্তর ২৪ পরগনা এবং কলকাতায় প্রস্তুতি খতিয়ে দেখা হবে। এরপর বাগডোগরা বিমানবন্দর হয়ে আলিপুরদুয়ারে পৌঁছে ভোটার সচেতনতা বৃদ্ধির কর্মসূচি নিয়ে বিকেলে বৈঠক করার কথা রয়েছে।

উত্তরবঙ্গের জেলাগুলিতেও সমান গুরুত্ব দিচ্ছে কমিশন। ১৪ এপ্রিল আলিপুরদুয়ার থেকে কোচবিহার যাবে। জেলা প্রশাসনের বৈঠক করার কথা। ১৫ এপ্রিল  জলপাইগুড়ি ও কালিম্পং জেলায় কর্মসূচি রয়েছে কমিশনের প্রতিনিধি দলের। ১৬ এপ্রিল কালিম্পং থেকে ভোটার সচেতনতা কর্মসূচি নিয়ে বৈঠক করবেন তারা।  ১৭ এপ্রিল দার্জিলিং থেকে দিল্লির উদ্দেশে রওনা দেবেন বলে সূত্রের খবর।

অন্যদিকে, ভোট ঘোষণার পর থেকেই প্রশাসনিক স্তরে একাধিক রদবদল করেছে নির্বাচন কমিশন, যা নিয়ে বিতর্কও তৈরি হয়েছে। একইসঙ্গে ‘এসআইআর’ ইস্যুতে সুপ্রিম কোর্ট-এ গুরুত্বপূর্ণ শুনানি রয়েছে আজ। সেই রায়ের উপরই নির্ভর করছে বহু বিবেচনাধীন ভোটারের ভবিষ্যৎ।