• facebook
  • twitter
Sunday, 12 April, 2026

ভোটের সময় দেখে খাওয়ার পরামর্শ তৃণমূল নেত্রী মমতার

রবিবার বাঁকুড়ার ছাতনায় এক জনসভা থেকে তিনি বিশেষভাবে খাবার ও পানীয় গ্রহণের ক্ষেত্রে সচেতন হওয়ার পরামর্শ দেন

প্রতিনিধিত্বমূলক চিত্র

তীব্র গরম ও ভোটপ্রচারের ব্যস্ততার মধ্যে সুস্থ থাকার জন্য সতর্ক থাকার বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার বাঁকুড়ার ছাতনায় এক জনসভা থেকে তিনি বিশেষভাবে খাবার ও পানীয় গ্রহণের ক্ষেত্রে সচেতন হওয়ার পরামর্শ দেন। তাঁর বক্তব্য, ‘বাইরে যে কোনও কিছু খাওয়ার আগে অবশ্যই দেখে নেবেন, ঠিক জিনিসটাই খাচ্ছেন কি না।‘

এই সতর্কবার্তার পিছনে রয়েছে শনিবারের একটি ঘটনা। ওই দিন ঝাড়গ্রামে তাঁর সভা থেকে ফেরার পথে ১৬ জন ওআরএস ভেবে ভুল করে কীটনাশক পান করে অসুস্থ হয়ে পড়েন। তাঁদের অধিকাংশই শবর সম্প্রদায়ের বলে জানা গিয়েছে। অসুস্থদের মধ্যে তৃণমূলের বুথ সভাপতি টুকারাম মাহাতোও ছিলেন, যিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। সেই প্রসঙ্গেই সতর্ক করলেন তৃণমূল সুপ্রিমো। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। যদিও প্রাথমিক চিকিৎসার পর সকলেই আপাতত স্থিতিশীল রয়েছেন।

Advertisement

ভোটের আগে রাজ্যজুড়ে জোরকদমে প্রচার চালাচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতানেত্রীরা। সেই সূত্রে শনিবার জঙ্গলমহলের একাধিক কেন্দ্রে সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঝাড়গ্রামের জামদার সার্কাস ময়দানে তাঁর জনসভায় বিপুল জনসমাগম হয়। সভা শেষে প্রবল গরমে তেষ্টা মেটাতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে।

Advertisement

এই ঘটনার পরেই আরও সতর্ক হয়ে বক্তব্য রাখেন মমতা। তিনি বলেন, ভোটের সময় বাইরে থেকে দেওয়া খাবার বা পানীয় গ্রহণে বাড়তি সাবধানতা প্রয়োজন। বিশেষ করে রাজনৈতিক কর্মী, চিকিৎসক এবং প্রশাসনিক আধিকারিকদের তিনি সতর্ক করেন, কারণ তাঁদের কাজের চাপ সারাদিনই থাকে এবং যেকোনও সময় দায়িত্ব পালন করতে হতে পারে। সবশেষে তিনি সকলকে সচেতন থাকার আহ্বান জানিয়ে বলেন, যাতে কেউ অসাবধানতার সুযোগ নিয়ে বিষাক্ত কিছু খাওয়াতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকা অত্যন্ত জরুরি।

 

 

 

Advertisement