• facebook
  • twitter
Saturday, 11 April, 2026

‘খেলা হবে’ থেকে ভোটের ময়দান, চুঁচুড়ার তৃণমূল প্রার্থী দেবাংশুর সম্পত্তির খতিয়ান প্রকাশ

চুঁচুড়া কেন্দ্রে তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের সম্পত্তির হলফনামা প্রকাশ্যে। আয়, সঞ্চয় ও সম্পদের বিস্তারিত ঘিরে শুরু হয়েছে জোর আলোচনা।

জনপ্রিয় রাজনৈতিক স্লোগান, ‘খেলা হবে’। সেই স্লোগান তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে দলের সাধারণ কর্মীর গলাতেও শোনা যায়। এই একসময় রাজ্যের রাজনৈতিক মঞ্চ কাঁপানো এই ‘খেলা হবে’ স্লোগান আজও মানুষের মুখে মুখে ঘোরে। সেই গানের স্রষ্টা দেবাংশু ভট্টাচার্য এবার চুঁচুড়া কেন্দ্রের প্রার্থী হয়ে সরাসরি নির্বাচনী ময়দানে নেমেছেন। আর তার মাঝেই সামনে এল তাঁর সম্পত্তির বিস্তারিত হিসাব।

নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবর্ষে দেবাংশুর বার্ষিক আয় ৫ লক্ষ ৪৭ হাজার ৩০০ টাকা। তাঁর হাতে নগদ রয়েছে ১ লক্ষ ৮০ হাজার টাকা। ব্যাঙ্ক, বিমা ও অন্যান্য বিনিয়োগ মিলিয়ে মোট সঞ্চয়ের পরিমাণ ২১ লক্ষ ৯১ হাজার ১৪১ টাকা। সব মিলিয়ে তাঁর অস্থাবর সম্পত্তির পরিমাণ দাঁড়িয়েছে ২৪ লক্ষ ৪৪ হাজার ৩৪১ টাকা।

Advertisement

হলফনামা থেকে জানা গিয়েছে, তাঁর নামে কোনও গাড়ি নেই। রয়েছে মাত্র ৪.৮৮ গ্রাম সোনার একটি আংটি, যার আনুমানিক মূল্য ৭৩ হাজার ২০০ টাকা। উল্লেখ্য, তাঁর নামে কোনও স্থাবর সম্পত্তিও নেই। তবে হলফনামায় তাঁর বিরুদ্ধে ত্রিপুরায় একটি মামলার উল্লেখ করেছেন তিনি।

Advertisement

প্রসঙ্গত, এর আগে লোকসভা নির্বাচনে তাঁকে তমলুক কেন্দ্রে প্রার্থী করেছিল তৃণমূল, যেখানে তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই লড়াইয়ে জয় না পেলেও, তাঁর উপর দলের ভরসা অটুট রয়েছে। সেজন্য এবার বিধানসভা নির্বাচনে চুঁচুড়ায় বিদায়ী বিধায়ক অসিত মজুমদারের জায়গায় তাঁকেই প্রার্থী করেছে দল। তৃণমূল শিবিরে স্পষ্ট বার্তা— নিষ্ঠার সঙ্গে কাজ করলে নেতৃত্ব ঠিকই সুযোগ দেয়। এখন নজর, ‘খেলা হবে’র স্রষ্টা ভোটের খেলায় কতটা সফল হন।

Advertisement