• facebook
  • twitter
Wednesday, 8 April, 2026

কলকাতায় কঙ্গনা, কালীঘাটে পুজো সেরে ভোট প্রচারে বলিউডের ‘ক্যুইন’

শহরে এসে প্রথমেই কালিঘাট মন্দিরে পুজো দেন অভিনেত্রী

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-কে সামনে রেখে জোরকদমে প্রচারে নেমেছে বিজেপি। সেই লক্ষ্যেই দলের তারকা প্রচারকদের মাঠে নামানোর কৌশল নিয়েছে গেরুয়া শিবির। ইতিমধ্যেই ৪০ জন তারকা প্রচারকের তালিকা প্রকাশ করেছে দল, যেখানে বলিউডের একাধিক পরিচিত মুখের নাম রয়েছে। সেই তালিকায় থাকা অভিনেত্রী কঙ্গনা রানাউত মঙ্গলবার পৌঁছলেন কলকাতায়।
শহরে এসে প্রথমেই কালিঘাট মন্দিরে পুজো দেন অভিনেত্রী। পাশাপাশি নকুলেশ্বর ভৈরব মন্দিরেও প্রার্থনা করেন তিনি। সাবেকি সাজে নজর কেড়েছেন কঙ্গনা। হালকা গোলাপি শাড়ি, কমলা পাড় ও ভারী গয়নায় মন্দিরে উপস্থিত হন ‘ক্যুইন’খ্যাত এই অভিনেত্রী।পুজোর পর কঙ্গনা বলেন, ‘মা কালীর ডাকে সাড়া দিয়েই কলকাতায় এসেছি। আমি শক্তির উপাসক। দেশের মঙ্গল কামনায় পুজো দিয়েছি, বিশেষ করে বাংলার মহিলাদের নিরাপত্তা ও ন্যায়বিচারের জন্য প্রার্থনা করেছি।
পাশাপাশি আসন্ন নির্বাচনে বিজেপির ভালো ফলের কামনাও করেছি।’ দলের প্রকাশিত তারকা প্রচারকের তালিকায় রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এছাড়াও তালিকায় রয়েছেন হেমা মালিনী, মিঠুন চক্রবর্তী, মনোজ তিওয়ারি এবং লিয়েন্ডার পেজ।তবে এই তারকা প্রচারকদের তালিকা ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর বিতর্ক।
বিরোধীদের একাংশের দাবি, এই তালিকাই প্রমাণ করে বাংলায় বিজেপির সাংগঠনিক দুর্বলতা। সেই ঘাটতি পূরণ করতেই বাইরের রাজ্যের নেতানেত্রী ও তারকাদের ওপর নির্ভর করছে গেরুয়া শিবির। অন্যদিকে বিজেপির মতে, ২০২৬-এর বিধানসভা নির্বাচন তাদের কাছে ‘ডু অর ডাই’ লড়াই। তাই সর্বশক্তি নিয়েই প্রচারে ঝাঁপিয়েছে দল। তারকা প্রচারকদের উপস্থিতি ভোটে কতটা প্রভাব ফেলবে, তা অবশ্য স্পষ্ট হবে আগামী ৪ মে ফলপ্রকাশের দিন।

Advertisement

Advertisement