• facebook
  • twitter
Tuesday, 7 April, 2026

মতুয়াগড় থেকে ট্রাইব্যুনালে যাওয়ার হুঁশিয়ারি মমতার

মতুয়াগড় এলাকায় সভা থেকে তিনি সরাসরি নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন

এসআইআর প্রক্রিয়ায় বিচারাধীন ভোটারদের চূড়ান্ত নিষ্পত্তির পর সোমবার গভীর রাতে তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। সেই তালিকা অনুযায়ী, প্রায় ৬০ লক্ষ বিচারাধীন নামের মধ্যে ৩২ লক্ষের কিছু বেশি ভোটারকে ‘যোগ্য’ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। তবে বাকি বহু নাম বাদ পড়েছে। কিন্তু এই বাদ পড়া ভোটারদের পরিচয় বা কারণ সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা দেয়নি কমিশন—তাঁরা মৃত, স্থানান্তরিত না কি অন্য কোনও কারণে অযোগ্য, তা স্পষ্ট নয়।

এই পরিস্থিতিতে বনগাঁয় নির্বাচনী প্রচারে গিয়ে সরব হয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মতুয়াগড় এলাকায় সভা থেকে তিনি সরাসরি নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তাঁর অভিযোগ, ইচ্ছাকৃতভাবে বহু ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে এবং এর পিছনে ষড়যন্ত্র থাকতে পারে।

Advertisement

মমতা জানান, যাঁদের নাম বাদ পড়েছে, তাঁদের অধিকার ফিরিয়ে আনতে প্রয়োজন হলে ট্রাইব্যুনালের দ্বারস্থ হবে তাঁর দল। তিনি বলেন, ভোটের আগেই যতটা সম্ভব এই নামগুলি পুনরায় তালিকাভুক্ত করার চেষ্টা করা হবে। তাঁর মতে, অনেক ক্ষেত্রেই প্রকৃত ভোটারদের নাম কেটে দেওয়া হয়েছে—যেমন, বিয়ের পর অন্যত্র চলে যাওয়া মহিলাদের নামও বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

Advertisement

তৃণমূল সুপ্রিমোর বক্তব্য, এইভাবে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য উদ্বেগজনক। তাই দ্রুত এই সমস্যার সমাধান করে প্রকৃত ভোটারদের নাম পুনরুদ্ধার করাই এখন প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন তিনি।

Advertisement