শুধু পূর্ব বর্ধমান নয়, গোটা রাজ্য থেকেই বিজেপিকে শূন্য করার ডাক দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর সমুদ্রগড় হাইস্কুলের মাঠে জনসভা করেন নেত্রী। সেখানেই তিনি বলেন, ‘কেন্দ্রের বিজেপি সরকার আধার থেকে গ্যাস, সর্বত্র মানুষকে লাইনে দাঁড় করিয়ে হেনস্থা করেছে। এবার সময় হয়েছে তাদের জবাব দেবার। মানুষ এবার ভোটের লাইনে দাঁড়িয়ে বিজেপিকে উপযুক্ত জবাব দেবে।’
সমুদ্রগড়ের সভা থেকে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে নিশানা করেন মুখ্যমন্ত্রী । পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফের করা মন্তব্য উল্লেখ করে মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন, ‘পাক প্রতিরক্ষামন্ত্রীর বিস্ফোরক মন্তব্যের পরেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নীরব কেন? পাকিস্তান বলেছে কলকাতায় হামলা করবে। সেটা শোনার পরেও মোদীর মুখে কথা নেই কেন? কেন তিনি কঠোর পদক্ষেপের কথা বললেন না? আমরা এর তদন্ত চাই।’ পাশাপাশি রাজ্যের উন্নয়নের খতিয়ানও তুলে ধরেন তিনি । পূর্বস্থলী, কালনা, কাটোয়া, মন্তেশ্বর, মেমারি, বর্ধমানের উন্নয়নের কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, ‘ধানচাষি থেকে আলুচাষি-কারও চিন্তার কারণ নেই । সরকার পাশে আছে।’
Advertisement
সমুদ্রগড়ের সভায় অনুপ্রবেশ প্রসঙ্গেও মুখ খোলেন তৃণমূল নেত্রী । কটাক্ষের সুরে বলেন, ‘বাংলায় কথা বললেই অনুপ্রবেশকারী? যদি অনুপ্রবেশকারী ঢুকে থাকে, তার দায় তো আপনাদের। দিল্লি, বিহার, উত্তরপ্রদেশের মতো রাজ্যে বাংলা বললেই মানুষকে হেনস্থা করা হচ্ছে। বাংলাভাষীদের উপর অত্যাচার হচ্ছে।’ এদিনের সভা থেকেও ইভিএমে কারচুপি নিয়ে সতর্ক করে বলেন, গণনার দিন শেষ পর্যন্ত গণনাকেন্দ্রে থাকতে হবে।
Advertisement
Advertisement



