• facebook
  • twitter
Monday, 6 April, 2026

পারস্য উপসাগরে এখনও ১৬টি ভারতীয় জাহাজ, ৪৩৩ নাবিক নিরাপদে রয়েছেন: কেন্দ্র

ইরান থেকে ১,৭৭৭ জন ভারতীয় নাগরিককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। তাঁদের মধ্যে ৮৯৫ জন ছাত্র এবং ৩৪৫ জন মৎস্যজীবী রয়েছেন।

পশ্চিম এশিয়ার উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেও পারস্য উপসাগর অঞ্চলে এখনও ১৬টি ভারতীয় পতাকাবাহী জাহাজ অবস্থান করছে, যেখানে রয়েছেন ৪৩৩ জন ভারতীয় নাবিক। কেন্দ্রীয় সরকার সোমবার জানায়, গত দু’দিনে দুটি তরল গ্যাসবাহী জাহাজ নিরাপদে হরমুজ প্রণালী অতিক্রম করেছে।

সরকারি বিবৃতিতে বলা হয়েছে, ডিরেক্টরেট জেনারেল অব শিপিং পরিস্থিতির উপর নিবিড় নজর রাখছে। জাহাজের মালিক, নিয়োগ সংস্থা ও বিদেশে ভারতীয় দূতাবাসগুলির সঙ্গে সমন্বয় করে কাজ করছে। এখনও পর্যন্ত ১,৫৯৯ জন ভারতীয় নাবিককে নিরাপদে দেশে ফিরিয়ে আনা হয়েছে। তাঁদের মধ্যে গত ২৪ ঘণ্টায় ১২০ জনকে বিভিন্ন উপসাগরীয় এলাকা থেকে ফেরানো হয়েছে।

Advertisement

এদিকে দেশের বন্দরগুলির কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে প্রশাসন। গুজরাত, মহারাষ্ট্র, কেরল-সহ বিভিন্ন উপকূলীয় রাজ্যে বন্দর পরিষেবা নির্বিঘ্নে চলছে। অন্যদিকে, বিদেশ মন্ত্রক জানিয়েছে, ইরান থেকে ১,৭৭৭ জন ভারতীয় নাগরিককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। তাঁদের মধ্যে ৮৯৫ জন ছাত্র এবং ৩৪৫ জন মৎস্যজীবী রয়েছেন। এই নাগরিকদের আর্মেনিয়া এবং আজারবাইজান হয়ে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

Advertisement

সরকার জানিয়েছে, এই উদ্ধার কাজে ইরান, আর্মেনিয়া এবং আজারবাইজানের প্রশাসনের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। বর্তমান পরিস্থিতিতে পশ্চিম এশিয়ায় থাকা ভারতীয়দের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য বলে জানানো হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে এখনও পর্যন্ত প্রায় ৭ লক্ষ ৩০ হাজার যাত্রী ওই সংঘাতপূর্ণ অঞ্চল থেকে ভারতে ফিরেছেন। সব মিলিয়ে, পরিস্থিতির উপর কড়া নজর রেখে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে কেন্দ্র, যাতে বিদেশে থাকা ভারতীয়দের সুরক্ষা নিশ্চিত করা যায়।

Advertisement