পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির জেরে জ্বালানি সরবরাহে অনিশ্চয়তার মাঝেই হরমুজ প্রণালী পেরিয়ে গেল ভারতীয় পতাকাবাহী এলপিজি ট্যাঙ্কার ‘গ্রিন সানভি’। এই ঘটনাকে ‘স্বস্তির বড় বার্তা’ হিসেবে দেখছেন প্রাক্তন কূটনীতিক মঞ্জু শেঠ। তিনি বলেন, ‘এটি নিঃসন্দেহে স্বস্তির খবর। আমাদের দেশে আপাতত যথেষ্ট মজুত রয়েছে ঠিকই, কিন্তু এলপিজির বিপুল ব্যবহার বিবেচনায় এই জাহাজের নিরাপদে পৌঁছনো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করছি, বাকি জাহাজগুলিও দ্রুত এসে পৌঁছবে, কারণ সাধারণ মানুষের জন্য এটি খুবই প্রয়োজনীয়।’
প্রাক্তন এই কূটনীতিক আরও জানান, শুধু শিল্প বা বাণিজ্যিক ক্ষেত্র নয়, সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের জন্যও এলপিজি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর কথায়, ‘যুদ্ধ পরিস্থিতির কারণে অনেক কিছুই ব্যাহত হয়েছে। তাই অন্তত একটি জাহাজ নিরাপদে পৌঁছনো ইতিবাচক দিক নির্দেশ করছে।’
Advertisement
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর সাম্প্রতিক মন্তব্য নিয়েও কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি। মঞ্জু শেঠ বলেন, ‘পুরো বিশ্বই এখন দেখছে তিনি কী বলছেন। তিনি একদিন এক কথা বলেন, পরের মুহূর্তেই তার বিরোধিতা করেন। ফলে তাঁর বক্তব্যের সত্যতা বা নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন থেকেই যায়।’
Advertisement
তাঁর মতে, ‘মনে হয় তিনি অনেক সময় হঠাৎ যা মনে আসে তাই বলে ফেলেন। তিনি সচেতনভাবে বলছেন কি না তা স্পষ্ট নয়, কারণ প্রায় প্রতিদিনই তিনি নিজের কথার বিরোধিতা করছেন।’
বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতিতে জ্বালানি নিরাপত্তা ও কূটনৈতিক অবস্থান— দুই ক্ষেত্রেই এই ঘটনাকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
Advertisement



