• facebook
  • twitter
Saturday, 4 April, 2026

মুখ্যমন্ত্রীর মাথার উপর রহস্যময় ড্রোন, তদন্তের নির্দেশ

হেলিকপ্টারে ওঠার সময় আচমকাই তাঁর মাথার উপর দিয়ে একটি ড্রোন উড়ে যায়। এই দৃশ্য দেখে রীতিমতো স্থবির হয়ে দাঁড়ান মুখ্যমন্ত্রী

ফের শিরোনামে এল মালদহ। শনিবার মালতীপুরে একটি সভা শেষ করে গাজোলের দিকে যাচ্ছিলেন  মমতা বন্দ্যোপাধ্যায়। হেলিকপ্টারে ওঠার সময় আচমকাই তাঁর মাথার উপর দিয়ে একটি ড্রোন উড়ে যায়। এই দৃশ্য দেখে রীতিমতো স্থবির হয়ে দাঁড়ান মুখ্যমন্ত্রী। হেলিকপ্টারের সিঁড়িতে উঠে, হাতে মাইক ধরে তিনি প্রশ্ন তুললেন, ‘কারা করছে এসব?’

কয়েকদিন আগে মালদহের কালিয়াচকে বিক্ষোভের কারণে সাত বিচারক আট ঘণ্টারও বেশি সময় আটকে ছিলেন। সেই ঘটনার প্রেক্ষাপটে মালদহ সফরে এসে এই নতুন ঘটনার মুখোমুখি হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি পুলিশকে নির্দেশ দিলেন, নজর রাখতে হবে এবং যারা এ ঘটনা ঘটিয়েছে, তাদের সবাইকে চিহ্নিত করতে হবে। ড্রোন কোথা থেকে এসেছে, তা এখনও স্পষ্ট নয়।

Advertisement

একটি সূত্র জানিয়েছে, সভার ছবি তোলার উদ্দেশ্যে তৃণমূলের পক্ষ থেকেই ড্রোন ওড়ানো হতে পারে। তবে জেলার তৃণমূল নেতারা এখনও এই বিষয়ে মুখ খুলতে পারেননি। ঘটনার পর তৃণমূলের মুখপাত্র জয়প্রকাশ মজুমদার মন্তব্য করেছেন, ‘এর পিছনে কোনও বড় ষড়যন্ত্র আছে কি? বাংলা দখলের উদ্দেশ্য নিয়ে এমন কাজ করা হচ্ছে কি? নেত্রীর জীবন বিপন্ন করার উদ্দেশ্য থাকতে পারে।‘

Advertisement

উল্লেখ্য, ২৬ মার্চ ও ১ এপ্রিল পরপর দু’বার  মমতা বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার বিপদে পড়েছিল। এই ঘটনার পর নিরাপত্তা ও নজরদারিতে আরও সতর্কতা নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

 

 

Advertisement