• facebook
  • twitter
Saturday, 4 April, 2026

ধর্মসভায় গিয়ে ‘জোর করে পতাকা ধরানো’র অভিযোগে চাপে বিজেপি প্রার্থী অশোক কীর্তনীয়া, বনগাঁয় রাজনৈতিক বিতর্ক

‘দলপতি হিসেবে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু আমাদের ইচ্ছার বিরুদ্ধে পতাকা ধরানো হয়। আমরা তৃণমূলের সঙ্গে ছিলাম, আগামী দিনেও তৃণমূলের সঙ্গেই থাকব।’

বনগাঁর শিমুলতলা এলাকায় মতুয়াদের ধর্মসভাকে ঘিরে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে। বৃহস্পতিবার রাতে বনগাঁ উত্তর কেন্দ্রের বিজেপি প্রার্থী অশোক কীর্তনিয়ার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, ধর্মীয় সভায় উপস্থিত মতুয়াদের ইচ্ছার বিরুদ্ধে তাঁদের হাতে বিজেপির পতাকা ধরিয়ে দেওয়া হয়েছে। এমনকি তাঁদের বিজেপিতে যোগদানের পরামর্শও দেওয়া হয়েছে।

অভিযোগকারীদের দাবি, ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই তাঁরা স্পষ্ট করে জানিয়েছেন, তাঁরা বিজেপিতে যোগ দেননি, এখনও তৃণমূলের সঙ্গেই আছেন। ধর্মীয় অনুষ্ঠানে শাড়ি দেওয়ার প্রলোভন দেখিয়ে তাঁদের ডেকে নিয়ে যাওয়া হয়েছিল বলেও অভিযোগ করেছেন তাঁরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শিমুলতলা এলাকায় ওই দিন মতুয়াদের একটি বৃহৎ ধর্মীয় মহাসভার আয়োজন করা হয়েছিল। সেখানে সাধারণ ভক্তদের পাশাপাশি উপস্থিত ছিলেন মতুয়া দলপতি হরেকৃষ্ণ রায়। ওই সভায় যোগ দেন বনগাঁ উত্তর কেন্দ্রের বিদায়ী বিধায়ক তথা বিজেপি প্রার্থী অশোক কীর্তনিয়াও।

Advertisement

অভিযোগ, সভা চলাকালীন উপস্থিত মতুয়াদের, এমনকি দলপতি হরেকৃষ্ণ রায়ের হাতেও বিজেপির পতাকা তুলে দেওয়া হয়। সেই মুহূর্তের ছবি তুলে তা যোগদানের প্রমাণ হিসেবে প্রচার করা হয়। মতুয়া সমাজের সদস্য দেবনারায়ন চৌধুরী বলেন, ‘আমাদের ধর্মসভায় মহিলাদের শাড়ি দেওয়ার কথা বলে ডাকা হয়েছিল। কিন্তু সেখানে গিয়ে বিজেপির প্রার্থী অশোক কীর্তনিয়া আমাদের হাতে দলীয় পতাকা ধরিয়ে দেন এবং বিজেপিতে যোগ দিতে বলেন।’

Advertisement

একই অভিযোগ করেছেন দলপতি হরেকৃষ্ণ রায়। তাঁর কথায়, ‘দলপতি হিসেবে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু আমাদের ইচ্ছার বিরুদ্ধে পতাকা ধরানো হয়। আমরা তৃণমূলের সঙ্গে ছিলাম, আগামী দিনেও তৃণমূলের সঙ্গেই থাকব।’ ঘটনাকে ঘিরে বনগাঁর রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। যদিও এ বিষয়ে বিজেপি প্রার্থী অশোক কীর্তনিয়ার কোনও প্রতিক্রিয়া এখনও পর্যন্ত পাওয়া যায়নি।

Advertisement