এক বিরল রোগের চিকিৎসায় প্রাণ বাঁচলো ২৩ বছরের এক যুবকের। জটিল কিডনি সমস্যার সফল অস্ত্রোপচার করে ‘হর্সশু কিডনি’র সমাধান করল কলকাতার আরজিস্টোন ইউরোলজি অ্যান্ড ল্যাপারোস্কোপি হাসপাতাল। চিকিৎসকদের মতে, ‘হর্সশু কিডনি’ হল একটি জন্মগত সমস্যা, যেখানে দুইটি কিডনি একসঙ্গে জোড়া লেগে থাকে। এর পাশাপাশি তিনি পিইউজে (পিইউজে) অবস্ট্রাকশনে ভুগছিলেন। এই সমস্যায় কিডনি ও মূত্রনালীর সংযোগস্থলে বাধা তৈরি হয়, যার ফলে প্রস্রাব স্বাভাবিকভাবে বেরোতে পারে না এবং কিডনিতে ফোলাভাব দেখা দেয়।
বহুদিন ভোগার পর যুবক যখন চিকিৎসক জিশান রহমানের কাছে আসেন তখন নানান পরীক্ষার পর দেখা যায়, একটি অতিরিক্ত রক্তনালী তার ‘হর্সশু কিডনি’র সমস্যায় নতুন বাধার কারণ হয়ে দাঁড়িয়েছে, যা চিকিৎসাকে আরও কঠিন করে তোলে।
Advertisement
এই অবস্থায় ডাক্তার জিশান রহমানের নেতৃত্বে একটি বিশেষজ্ঞ দল আধুনিক ল্যাপারোস্কোপি পদ্ধতিতে অস্ত্রোপচার করেন। এই পদ্ধতিতে শরীরে ছোট ছিদ্র করে অপারেশন করা হয়। অস্ত্রোপচারের সময় চিকিৎসকরা খুব সতর্কভাবে গুরুত্বপূর্ণ রক্তনালীটিকে অক্ষত রেখে বাধা দূর করেন।
Advertisement
অস্ত্রোপচারটি সফল হয়। এর ফলে কিডনির ফোলাভাব কমে যায় এবং রোগী দ্রুত সুস্থ হয়ে ওঠেন। সবচেয়ে আশ্চর্যের বিষয়, মাত্র তিন দিনের মধ্যেই তিনি হাসপাতাল থেকে বাড়ি ফিরে যেতে পারেন।
চিকিৎসকরা জানিয়েছেন, এই ধরনের জটিল কেসে সফল অস্ত্রোপচার করা সহজ নয়। তবে আধুনিক প্রযুক্তি ও দক্ষতার মাধ্যমে এটি সম্ভব হয়েছে। এই সাফল্য ভবিষ্যতে আরও অনেক জটিল কিডনি রোগের চিকিৎসায় নতুন আশা দেখাবে।
Advertisement



