সোমবার দিল্লিতে নির্বাচন কমিশনের দপ্তরে গিয়ে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী প্রচার বন্ধের দাবি তুলল বিজেপি। সোমবার দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের দপ্তরে গিয়ে এই দাবি তোলেন সুকান্ত মজুমদারেরা। তাঁদের দাবি, মুখ্যমন্ত্রী ভোটারদের ভয় দেখাচ্ছেন এবং গণতান্ত্রিক পরিবেশ বিঘ্নিত করছেন।
বিজেপির প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু এবং পীযূষ গোয়েল-সহ আরও নেতারা। বৈঠক শেষে সুকান্ত জানান, তাঁরা মোট ছ’দফা দাবি কমিশনের কাছে জমা দিয়েছেন, যার মধ্যে অন্যতম মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচার বন্ধ করা। তাঁদের অভিযোগ, মুখ্যমন্ত্রী ভোটারদের ‘জীবনহানির হুমকি’ দিচ্ছেন এবং বিরোধীদের সমর্থকদের আতঙ্কিত করার চেষ্টা করছেন।
Advertisement
সুকান্তের দাবি, এমন পরিস্থিতি তৈরি করা হচ্ছে যেখানে বিজেপিকে ভোট দিলে মানুষকে পরবর্তীতে সমস্যার মুখে পড়তে হতে পারে। তিনি আরও বলেন, ভোটারদের বারবার বোঝানো হচ্ছে যে নির্বাচন কমিশন সাময়িক কিন্তু রাজ্যে শাসক দলই স্থায়ী—ফলে সাধারণ মানুষের মনে ভয় তৈরি হচ্ছে। পাশাপাশি, রাজ্যে অবাধ ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করার আবেদনও জানানো হয়েছে কমিশনের কাছে। কমিশন নাকি বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার আশ্বাস দিয়েছে।
Advertisement
অন্যদিকে, বিজেপির এই অভিযোগ সম্পূর্ণ খারিজ করেছে তৃণমূল। দলের নেতা জয়প্রকাশ মজুমদার পাল্টা দাবি করেন, বিজেপি আসলে ভীত হয়েই এ ধরনের পদক্ষেপ নিচ্ছে। তাঁর কথায়, এত বড় বড় কেন্দ্রীয় নেতাদের নিয়েও ফল মিলছে না বুঝেই এখন কমিশনের দ্বারস্থ হচ্ছে বিজেপি। তৃণমূলের দাবি, ভোটের আগেই মানসিকভাবে পরাজয় স্বীকার করে নিয়েছে বিজেপি।
Advertisement



