ফুটবল মাঠে অভিনব প্রতিবাদ দেখালেন ইরানের ফুটবলাররা। শনিবার নাইজেরিয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে খেলতে নেমেছিল তারা। ম্যাচটি ইরান ২-১ গোলে হেরে গেলেও মন জিতে নিলেন তারেমি মেহেদিরা।
ম্যাচ শুরুর আগে ইজরায়েলের হামলায় নিহতদের প্রতি অভিনব শ্রদ্ধা জানালেন তারা। ম্যাচের আগে জাতীয় সঙ্গীত চলাকালীন হাতে স্কুল ব্যাগ নিয়ে ইরানের খেলোয়াড়দের ‘নীরব প্রতিবাদ’ দেখাতে দেখা গেল। এই প্রসঙ্গে বলা যায়, ইরানের এক স্কুলে ইজরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় ১৬৫ জন স্কুলছাত্রী নিহত হয়েছিল। সেইসময় তাদের গণকবর দেওয়া হয়েছিল। এই ঘটনা নাড়িয়ে দিয়েছিল গোটা বিশ্বকে। এদিকে, প্রায় একমাস হয়ে গেলেও এখনও মধ্যপ্রাচ্যে যুদ্ধ জারি রয়েছে। সেই অবস্থায় এদিন নাইজেরিয়ার বিপক্ষে ম্যাচ খেলতে নেমেছিল ইরান। আর ইজরায়েলের হামলায় নিহত ১৬৫ জন স্কুলছাত্রী বিশেষ শ্রদ্ধা জানাতে হাতে স্কুল ব্যাগ নিয়ে প্রতীকী প্রতিবাদ জানালো তারা।
Advertisement
ম্যাচের শুরু থেকে দাপট বজায় রেখেছিল নাইজেরিয়া। খেলা শুরুর ৬ মিনিটের মধ্যে তাদের এগিয়ে দেন মোসেস সিমন। দ্বিতীয়ার্ধের ৫২ মিনিট নাগাদ তাদের হয়ে ব্যবধান ২-০ করে যান আকোর অ্যাডামস। পরবর্তীকালে, খেলার ৬৭ মিনিটে ইরানের হয়ে ব্যবধান কমান তারেমি। তাতে অবশ্য খেলার ফলাফলে কোনও পরিবর্তন হয়নি। এদিকে, প্রস্তুতি ম্যাচে খেলতে নামলেও বিশ্বকাপে ইরানকে খেলতে দেখা যাবে কি না তা নিয়ে জল্পনা অব্যহত। আগেই সেদেশের ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছিল আমেরিকার মাটিতে বিশ্বকাপ খেলতে চায় না তারা। ফেডারেশনের সেই দাবিতে একপ্রকার মান্যতা দিয়েছে ইরানের ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত ‘শত্রুভাবাপন্ন’ দেশগুলিতে দল পাঠাবে না তারা।
Advertisement
Advertisement



