• facebook
  • twitter
Friday, 27 March, 2026

কালবৈশাখীর পাশাপাশি শিলাবৃষ্টি, সতর্কতা কলকাতা-সহ ৮ জেলায়

আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, শনিবারও কলকাতায় ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

প্রতিনিধিত্বমূলক চিত্র

কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কালবৈশাখীর সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। ঝড়বৃষ্টির পাশাপাশি শিলাবৃষ্টিরও পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। কলকাতা সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় আগামী মঙ্গলবার পর্যন্ত এই পরিস্থিতি চলবে বলে জানানো হয়েছে। ঘূর্ণাবর্ত এবং অক্ষরেখার প্রভাবেই বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে ঢুকছে। আর তার জেরেই বঙ্গে ঝড়বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। এছাড়া আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে তাপমাত্রা ওঠানামা করবে। আগামী দু’দিনে ২-৩ ডিগ্রি তাপমাত্রা বাড়বে। তার পরের দু’দিনে আবার পারদ নামতে পারে। তারপর আবার পারদ চড়তে পারে বলে জানানো হয়েছে।

আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, শনিবারও কলকাতায় ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। একই সতর্কতা রয়েছে হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুরে, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে। জেলাগুলিতে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে মুর্শিদাবাদ, নদিয়া এবং দুই ২৪ পরগনায় ঝড়বৃষ্টি চলতে পারে রবিবার পর্যন্ত। এদিন মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

Advertisement

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও এই দুর্যোগ চলবে। ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ার জেলায়। এ ছাড়া, উত্তরের বাকি জেলাগুলিতেও আগামী রবিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি এবং ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আগামী তিনদিনে উত্তরবঙ্গের তাপমাত্রা বেশ খানিকটা কমবে। তারপর ধীরে ধীরে আবার পারদ চড়বে বলে জানিয়েছেন আবহবিদেরা।

Advertisement

Advertisement