• facebook
  • twitter
  • youtube
Wednesday, 8 July, 2026

বরানগরে প্রচারে শুনলেন ‘চোর চোর’ স্লোগান, ফের বিতর্কে সজল ঘোষ

রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রচারে গিয়ে বিজেপি প্রার্থীদের বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভ প্রকাশ পাওয়ায় রাজনৈতিক চাপ বাড়ছে গেরুয়া শিবিরের উপর।

বরানগরে প্রচারে শুনলেন ‘চোর চোর’ স্লোগান, ফের বিতর্কে সজল ঘোষ

২০২৪ সালের উপনির্বাচনের স্মৃতি যেন পুনরায় ফিরে এল বরানগরে। ভোটের প্রচারে বেরিয়ে স্থানীয় বাসিন্দাদের ক্ষোভের মুখে পড়লেন বিজেপি প্রার্থী সজল ঘোষ। শুক্রবার প্রচারের সময় তাঁর উদ্দেশে ‘চোর চোর’ স্লোগান তোলেন এলাকার একাংশ মানুষ, যা ঘিরে মুহূর্তে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।

শুক্রবার সকালে বরানগর পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের শীতলা মাতা লেন এলাকায় দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে প্রচারে বের হন সজল ঘোষ। ভোট চাইতে গেলে স্থানীয় কয়েকজন বাসিন্দা বাড়ি থেকে বেরিয়ে এসে তাঁর বিরুদ্ধে সরব হন। কিছুক্ষণের মধ্যেই এলাকায় ‘চোর চোর’ স্লোগান উঠতে শুরু করে। প্রত্যক্ষদর্শীদের দাবি, পরিস্থিতি দ্রুত উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে।

এই ঘটনার জন্য তৃণমূলের পক্ষ থেকে বিজেপি প্রার্থীর আচরণকেই দায়ী করা হয়েছে। বরানগর পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিলর ও তৃণমূল নেতা অঞ্জন পাল অভিযোগ করেন, ‘প্রচারের নামে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করছিলেন বিজেপি প্রার্থী। পাড়ার মহিলারা এর প্রতিবাদ জানিয়েছেন।’ তবে সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন সজল ঘোষ। তাঁর দাবি, ‘এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। বিষয়টিকে আমি বিশেষ গুরুত্ব দিচ্ছি না।’

উল্লেখ্য, ২০২৪ সালের উপনির্বাচনের সময়ও একাধিকবার স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল সজল ঘোষকে। ফলে ফের একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে, এই আশঙ্কায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

প্রসঙ্গত, রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রচারে গিয়ে বিজেপি প্রার্থীদের বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভ প্রকাশ পাওয়ায় রাজনৈতিক চাপ বাড়ছে গেরুয়া শিবিরের উপর। বিরোধীদের কটাক্ষ, ‘মাঠে নেমেই বাস্তবের মুখোমুখি হতে হচ্ছে বিজেপিকে।’ পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় বিধানসভা কেন্দ্রে প্রচারে গিয়ে সাধারণ মানুষের প্রশ্নের মুখে পড়ে মেজাজ হারান বিজেপি প্রার্থী রমাপ্রসাদ গিরি। এই ঘটনাকেও ঘিরে এলাকায় উত্তেজনা তৈরি হয়।