• facebook
  • twitter
Tuesday, 24 March, 2026

গোপীবল্লভপুরে জনসংযোগে তৃণমূল প্রার্থী অজিত মাহাতো

প্রচারের মঞ্চে দাঁড়িয়ে তিনি বর্তমান রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের কথা তুলে ধরেন

প্রতিনিধিত্বমূলক চিত্র

আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জোরকদমে প্রচারে নেমেছেন গোপীবল্লভপুর বিধানসভায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী অজিত মাহাতো। তাঁর দীর্ঘদিনের অভিজ্ঞতাকে এবার ভোটের ময়দানে কাজে লাগাতে চাইছে দল। অজিত মাহাতো ঝাড়গ্রাম জেলা তৃণমূলের সহ-সভাপতি এবং ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।

স্থানীয় সংগঠনের উপর তাঁর দখল এবং এলাকায় দীর্ঘদিনের পরিচিতি তাঁকে বাড়তি সুবিধা দেবে বলে মত রাজনৈতিক পর্যবেক্ষকদের। গোপীবল্লভপুর বিধানসভা এলাকাটি মূলত কুড়মি সম্প্রদায় অধ্যুষিত। এই কেন্দ্রের অন্তর্গত গোপীবল্লভপুর ২ ব্লকের বেলিয়াবেড়া, খাড়বান্দি, পেটবিন্দি, তপসিয়া; ঝাড়গ্রাম ব্লকের আগুইবনি, চন্দ্রী, চুবকা, দুধকুন্ডি, লোধাশুলি, নেদাবহড়া, পাটাশিমূল, শালবনি, সড়ডিহা এবং সাঁকরাইল ব্লকের ১০টি গ্রামপঞ্চায়েত মোট ২৩টি গ্রামপঞ্চায়েত নিয়ে গঠিত এই বিধানসভা কেন্দ্র। বিস্তীর্ণ গ্রামীণ এই এলাকায় সামাজিক সমীকরণই ভোটের প্রধান নির্ধারক বলে মনে করা হয়।

Advertisement

এই বিধানসভায় মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ২৭ হাজার ৪২। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১ লক্ষ ১৪ হাজার ৫৯৭ এবং মহিলা ভোটার সংখ্যা ১ লক্ষ ১২ হাজার ৪৪৫। উল্লেখ্য, এই কেন্দ্রের প্রায় ৩৭ শতাংশই কুড়মি ভোটার। ফলে গোপীবল্লভপুরে নির্বাচনী অঙ্কে কুড়মি ভোট একটি বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল তাই এই ভোটব্যাঙ্ককে কেন্দ্র করে নিজেদের গুটি সাজাতে ভোটের ময়দানে নেমে পড়েছে। বিজেপির তরফে কুড়মি আন্দোলনের অন্যতম মুখ, পেশায় শিক্ষক রাজেশ মাহাতোকে প্রার্থী করা হয়েছে।

Advertisement

ফলে কুড়মি ভোটই এই কেন্দ্রে মূল ফ্যাক্ট হিসেবে কাজ করবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। একদিকে স্থানীয় মুখ হিসেবে পরিচিত অজিত মাহাতো, অন্যদিকে আন্দোলনের পরিচিত মুখ রাজেশ মাহাতো এই সমীকরণেই জমে উঠছে গোপীবল্লভপুরের ভোটের লড়াই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের খতিয়ান তুলে ধরে কুড়মি অধ্যুষিত গ্রামগুলিতে বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালাচ্ছেন অজিত মাহাতো। মানুষের সুখে-দুঃখে পাশে থাকার আশ্বাস দেন তিনি। প্রচারে গিয়ে কুড়মি অধ্যুষিত গ্রামে উষ্ণ অভ্যর্থনা পাচ্ছেন তৃণমূল প্রার্থী অজিত মাহাতো। গ্রামের সাধারণ মানুষ আগ্রহের সঙ্গে তাঁর বক্তব্য শুনছেন।

প্রচারের মঞ্চে দাঁড়িয়ে তিনি বর্তমান রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের কথা তুলে ধরেন। পাশাপাশি কুড়মি সমাজের জন্য গঠিত উন্নয়ন পর্ষদ এবং সেই পর্ষদের মাধ্যমে হওয়া কাজের কথাও উল্লেখ করেন। তাঁর দাবি, রাজ্য সরকার ধারাবাহিকভাবে এই এলাকার উন্নয়নে কাজ করে চলেছে এবং আগামী দিনেও সেই উন্নয়নের ধারা বজায় থাকবে। অজিত মাহাতোর কথায়, ‘এই সব গ্রামীণ এলাকা আমার নিজের জায়গা। এখানকার মানুষ আমার পরিবারের লোকের থেকে কোনও অংশে কম নয়।

ওঁরা আমাকে যেভাবে আপন করে নিয়েছেন, তা আমার কাছে বড় প্রাপ্তি। তাঁদের ভালোবাসা এবং আশীর্বাদ নিয়েই আমি এগোতে চাই।‘ মঙ্গলবার তিনি ঝাড়গ্রাম ব্লকের লোধাশুলিতে কর্মীসমর্থকদের নিয়ে একটি বৈঠক করেন। পরে লোধাশুলি বাজার এলাকায় একটি মিছিল করেন। পরে সাঁকরাইল ব্লকের মুরুনিয়া গ্রামে গিয়ে বাড়ি বাড়ি প্রচার সারেন। তারপর এদিন বিকেলে গোপীবল্লভপুর দুই ব্লকের বেলিয়াবেড়ার পেটবিন্দি এলাকায় ভোট প্রচার করেন।

Advertisement