• facebook
  • twitter
  • youtube
Friday, 16 October, 2026

রায়দিঘিতে উদ্ধার বিজেপি কর্মীর রক্তাক্ত দেহ, পরকীয়ার জেরে খুন দাবি পুলিশের

ঘটনার তদন্তে নেমে মৃতের স্ত্রী এবং তাঁর কথিত প্রেমিক গোবিন্দ হালদারকে আটক করা হয়েছে

রায়দিঘিতে উদ্ধার বিজেপি কর্মীর রক্তাক্ত দেহ, পরকীয়ার জেরে খুন দাবি পুলিশের

Image: File Photo

দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘিতে এক যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার। মেনা গ্রামে কিশোর মাঝির মৃতদেহ উদ্ধার করে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তিনি  বিজেপির সক্রিয় কর্মী ছিলেন। এই ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।

পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার সকালে দেহটি উদ্ধার করা হয়। ঘটনার তদন্তে নেমে মৃতের স্ত্রী এবং তাঁর কথিত প্রেমিক গোবিন্দ হালদারকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে তদন্তকারীদের অনুমান, ত্রিকোণ প্রেমের জটিলতা থেকেই এই খুনের ঘটনা ঘটতে পারে। তবে পুলিশ এখনও সব দিক খতিয়ে দেখছে এবং তদন্ত চলছে।

অন্যদিকে, বিজেপির দাবি, এটি নিছক ব্যক্তিগত ঘটনা নয় বরং একটি পরিকল্পিত রাজনৈতিক খুন। তাদের অভিযোগ, তৃণমূল কংগ্রেস-ঘনিষ্ঠ দুষ্কৃতীরাই এই ঘটনার সঙ্গে জড়িত এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের কর্মীকে খুন করেছে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস।

ঘটনার পর মৃতের পরিবারের পাশে দাঁড়াতে রায়দিঘি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী পলাশ রানা ঘটনাস্থলে যান। তিনি দোষীদের দ্রুত গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানান। পাশাপাশি নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের উপর জোর দেন।