• facebook
  • twitter
  • youtube
Friday, 3 July, 2026

নোটিস ছাড়াই ইউএনআই দপ্তরে অভিযান, সরব বিভিন্ন মহল

এম এ বেবি এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, রফি মার্গে অবস্থিত ইউএনআই দপ্তরে পুলিশ ও আধাসামরিক বাহিনীর আচরণ নিন্দনীয়।

নোটিস ছাড়াই ইউএনআই দপ্তরে অভিযান, সরব বিভিন্ন মহল

ইউএনআই দপ্তরে টেনে-হিঁচড়ে বের করা হচ্ছে কর্মীদের।

শুক্রবার সন্ধ্যায় প্রাচীনতম সংবাদ সংস্থা ইউনাইটেড নিউজ অফ ইন্ডিয়ার দপ্তরে কোনও রকম আগাম নোটিস ছাড়াই অভিযান চালানোর ঘটনাকে ‘নজিরবিহীন আক্রমণ’ বলে উল্লেখ করেছে ইউএনআই। বিষয়টি ঘিরে ইতিমধ্যেই সরব হয়েছে সংবাদ বিভিন্ন মহল। সংবাদমাধ্যমের স্বাধীনতা ও কাজের পরিবেশ নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

সাংবাদিক ও প্রেস সংগঠনগুলি এই ঘটনাকে ‘উদ্বেগজনক’ বলে মন্তব্য করে নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছে। এক বিজ্ঞপ্তিতে প্রেস ক্লাব অব ইন্ডিয়া জানিয়েছে, সাংবাদিকদের উপর হওয়া দুর্ব্যবহারে তারা গভীরভাবে মর্মাহত। এই ধরনের অমানবিক আচরণের তীব্র নিন্দা জানানো হয়েছে। অভিযোগ, মহিলা কর্মীরাও এই আচরণ থেকে রেহাই পাননি।

জানা গিয়েছে, অভিযানে বিপুল সংখ্যক দিল্লি পুলিশ ও আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছিল। কোনও আগাম নোটিস ছাড়াই এবং সংস্থার শীর্ষ কর্তৃপক্ষের অনুপস্থিতিতে কেন এই উচ্ছেদ অভিযান চালানো হল, তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।

এদিকে, ভারতের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক এম এ বেবি এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, রফি মার্গে অবস্থিত ইউএনআই দপ্তরে পুলিশ ও আধাসামরিক বাহিনীর আচরণ নিন্দনীয়। তাঁর অভিযোগ, সাংবাদিকদের টেনে-হিঁচড়ে বার করে দেওয়া হয়েছে এবং শারীরিকভাবে হেনস্থা করা হয়েছে। কোনও আগাম নোটিস দেওয়া হয়নি। এমনকি কর্মীদের ব্যক্তিগত জিনিসপত্র গুছিয়ে নেওয়ার সুযোগও দেওয়া হয়নি। মহিলা কর্মীদের সঙ্গেও দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে। তাঁর মতে, এই ধরনের হস্তক্ষেপ গণতান্ত্রিক ব্যবস্থায় কোনওভাবেই গ্রহণযোগ্য নয়।