ভোটের আগে ফের বাংলায় আসছে নির্বাচন কমিশনের প্রতিনিধি দল। বিধানসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে এবং প্রশাসনিক তৎপরতা বাড়াতে ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতীর নেতৃত্বে কমিশনের এই প্রতিনিধি দল দু’দিনের সফরে ফের বাংলায় আসছেন বলে জানা গিয়েছে। ভোটের মুখে শীর্ষ প্রশাসনিক ও পুলিশ কর্তাদের বদলি ও ভোটার তালিকা নিয়ে জটিলতার আবহে তাঁর এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। ভারতী জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক করে নিরাপত্তা ব্যবস্থা ও ভোটের কাজের অগ্রগতি পর্যালোচনা করবেন বলে খবর।
ভোটের দিনক্ষণ ঘোষণার ঠিক আগে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বে কমিশনের ফুল বেঞ্চ কলকাতায় এসেছিল। সেই সফরের পরই বাংলার নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হয়। এবার ভোটের প্রস্তুতি কতদূর এগিয়েছে, তা খতিয়ে দেখতেই ডেপুটি ইলেকশন কমিশনারের এই সফর বলে মনে করা হচ্ছে। সূত্রের খবর, রাজ্যে এসে নির্বাচনী প্রস্তুতি সংক্রান্ত বিষয় নিয়ে একাধিক বৈঠক করবেন জ্ঞানেশ ভারতী। পাশাপাশি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজ আগরওয়ালের সঙ্গেও তিনি আলাদা করে আলোচনায় বসবেন। এর আগে কলকাতায় কমিশনের ফুল বেঞ্চের সফরের শেষ দিনে সাংবাদিক বৈঠকে কড়া বার্তা দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। তিনি স্পষ্ট জানিয়েছিলেন, বাংলায় হিংসামুক্ত ভোট করাই তাঁদের লক্ষ্য।
Advertisement
পাশাপাশি এসআইআর প্রক্রিয়া সম্পর্কে জানিয়েছিলেন, একজন বৈধ ভোটারের নামও বাদ যাবে না। পরবর্তী ক্ষেত্রে ভোট ঘোষণা হতেই রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব থেকে শুরু করে ডিজি, সিপি, ডিআইজি, এমনকী, জেলা স্তরের ডিএম ও ডিইওদেরও সরানো হয়েছে। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। এই উত্তপ্ত আবহের মধ্যেই এবার রাজ্যে আসছেন ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী। তবে ভারতীর আসন্ন বঙ্গ সফরের বিস্তারিত সূচি এখনও জানা যায়নি।
Advertisement
Advertisement



