• facebook
  • twitter
  • youtube
Saturday, 20 June, 2026

অর্পিতাকে তলব ইডির, এসএসসি মামলায় জিজ্ঞাসাবাদ

নির্দেশ অনুযায়ী এদিন সকাল ১১টার কিছু পরে তিনি ইডি অফিসে পৌঁছন এবং তদন্তকারীদের মুখোমুখি হন

অর্পিতা মুখোপাধ্যায় (Photo: Kuntal Chakrabarty/IANS)

এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর তলবে সাড়া দিয়ে বৃহস্পতিবার দপ্তরে হাজিরা দিলেন অর্পিতা মুখোপাধ্যায়। নির্দেশ অনুযায়ী এদিন সকাল ১১টার কিছু পরে তিনি ইডি অফিসে পৌঁছন এবং তদন্তকারীদের মুখোমুখি হন।

এই মামলায় আগেই গ্রেপ্তার হয়েছিলেন অর্পিতা। একই সঙ্গে গ্রেপ্তার হন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ও। বর্তমানে দু’জনেই জামিনে মুক্ত হলেও তদন্ত প্রক্রিয়া এখনও চলমান। সেই কারণেই তাঁদের ফের জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে কেন্দ্রীয় সংস্থা।

সূত্রের খবর, পার্থ চট্টোপাধ্যায়কে বুধবার হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে অসুস্থতার কারণ দেখিয়ে তিনি সেদিন উপস্থিত হননি। পরে তাঁকে ফের ২০ মার্চ হাজিরার নির্দেশ দেওয়া হয়। অন্যদিকে, অর্পিতাকে প্রথমে ১৭ মার্চ ডাকা হলেও তিনিও সে দিন যাননি। এরপর নতুন করে নোটিস জারি করা হলে বৃহস্পতিবার তিনি হাজিরা দেন।

উল্লেখ্য, ২০২২ সালের জুলাই মাসে এই মামলায় বড়সড় চাঞ্চল্য তৈরি হয়। দীর্ঘ তল্লাশির পর অর্পিতার দু’টি ফ্ল্যাট থেকে ৫০ কোটিরও বেশি নগদ অর্থ উদ্ধার করেছিল ইডি। বিপুল পরিমাণ টাকা উদ্ধারের পরই তাঁকে গ্রেপ্তার করা হয়। একই মামলায় গ্রেপ্তার হন পার্থ চট্টোপাধ্যায়ও।

পরবর্তীতে সিবিআই এসএসসি ও প্রাথমিক নিয়োগ সংক্রান্ত দুর্নীতির পৃথক মামলায় পার্থকে গ্রেপ্তার করে।  তবে এতদিন পর্যন্ত এসএসসি দুর্নীতি মামলায় ইডি সরাসরি তাঁদের জিজ্ঞাসাবাদ করেনি। এবার সেই তদন্তের অংশ হিসেবেই নতুন করে জেরা শুরু হয়েছে।

তদন্তকারীদের অনুমান, আর্থিক লেনদেন, নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম এবং সংশ্লিষ্ট নথিপত্র সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসতে পারে এই জিজ্ঞাসাবাদ থেকে। ফলে এই হাজিরাকে ঘিরে নতুন করে গুরুত্ব তৈরি হয়েছে তদন্ত মহলে।