• facebook
  • twitter
  • youtube
Friday, 3 July, 2026

ভোটে তৃণমূলের টিকিট পেয়েছেন, খুনের আশঙ্কা করছেন হুমায়ুন কবীর

একসময় ‘হাতকাটা দিলীপ’-এর মতো কুখ্যাত অপরাধীকে গ্রেপ্তার করে তিনি বিশেষ খ্যাতি অর্জন করেছিলেন

ভোটে তৃণমূলের টিকিট পেয়েছেন, খুনের আশঙ্কা করছেন হুমায়ুন কবীর

দুর্ধর্ষ পুলিশ কর্তা হিসেবে পরিচিত ২০০৩ ব্যাচের পশ্চিমবঙ্গ ক্যাডারের প্রাক্তন আইপিএস অফিসার হুমায়ুন কবীর ফের একবার নির্বাচনের ময়দানে। একসময় ‘হাতকাটা দিলীপ’-এর মতো কুখ্যাত অপরাধীকে গ্রেপ্তার করে তিনি বিশেষ খ্যাতি অর্জন করেছিলেন। তৃণমূল কংগ্রেসের বিদায়ী বিধায়ক হিসেবে এবারও তিনি প্রার্থী হলেও, আগের কেন্দ্র ডেবরার পরিবর্তে তাঁকে ডোমকল থেকে লড়তে মনোনয়ন দেওয়া হয়েছে।

তবে টিকিট পাওয়ার পরই গুরুতর আশঙ্কার কথা সামনে এনেছেন হুমায়ুন কবীর। তাঁর দাবি, জেলার একটি সক্রিয় ‘মার্ডার সিন্ডিকেট’-এর মাথা এখনও বহাল রয়েছে এবং সেই ব্যক্তি তাঁর উপর হামলার পরিকল্পনা করছে। নিজের প্রাণহানির আশঙ্কা প্রকাশ করে তিনি মুর্শিদাবাদে পৌঁছে জেলা পুলিশ সুপারের কাছে নিরাপত্তা চেয়েছেন।

কবীর জানিয়েছেন, পুলিশ সুপার থাকাকালীন তিনি একাধিক অপরাধচক্র ভেঙে দিয়েছিলেন এবং বহু অপরাধীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছিলেন। সেই সময়ের কিছু শত্রুতা এখনও রয়ে গিয়েছে বলেই তাঁর ধারণা। তাঁর কথায়, ‘যে সব সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিলাম, তাদেরই কেউ কেউ এখনও সক্রিয় এবং বিভিন্নভাবে আমাকে হুমকি দিচ্ছে।‘

মুর্শিদাবাদে দীর্ঘ পাঁচ বছর কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর। দু’বছর কান্দির এসডিপিও এবং প্রায় তিন বছর জেলা পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। ফলে ডোমকল এলাকার ভৌগোলিক, সামাজিক এবং অপরাধচক্র সংক্রান্ত সমস্ত তথ্য তাঁর নখদর্পণে। দলের পক্ষ থেকে এই পরিচিত এলাকাতেই তাঁকে প্রার্থী করা হয়েছে বলে তিনি নেতৃত্বকে ধন্যবাদ জানিয়েছেন এবং কর্মীদের উদ্দেশে পরিশ্রম করার বার্তা দিয়েছেন।

উল্লেখ্য, ডোমকল বরাবরই একটি স্পর্শকাতর এলাকা, যেখানে নির্বাচনের সময় হিংসার ঘটনা প্রায়শই ঘটে। গত বিধানসভা নির্বাচনেও এখানে একাধিক মৃত্যুর ঘটনা ঘটেছিল। যদিও কবীরের দাবি, তাঁর দায়িত্বে থাকাকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে ছিল। তবুও এবার নির্বাচনের প্রাক্কালে তাঁর নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ নতুন করে চাঞ্চল্য তৈরি করেছে।