• facebook
  • twitter
  • youtube
Saturday, 22 August, 2026

পাহাড়ে জোট বার্তা, অনীত থাপার দল সমর্থনে তিন আসন ছাড়ল তৃণমূল

অনীত থাপার দল ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চাকে সমর্থন জানিয়ে দার্জিলিং, কালিম্পং এবং কার্শিয়াং, এই তিনটি আসনে প্রার্থী দেবে না শাসক দল

পাহাড়ে জোট বার্তা, অনীত থাপার দল সমর্থনে তিন আসন ছাড়ল তৃণমূল

আসন্ন বিধানসভা নির্বাচনে পাহাড়ে কৌশলগত সিদ্ধান্ত নিল তৃণমূল কংগ্রেস। অনীত থাপার দল ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চাকে সমর্থন জানিয়ে দার্জিলিং, কালিম্পং এবং কার্শিয়াং, এই তিনটি আসনে প্রার্থী দেবে না শাসক দল। সোমবার দলের প্রার্থী তালিকা প্রকাশ করে এই ঘোষণা করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

প্রার্থী তালিকা প্রকাশের আগে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি এবং নির্বাচন কমিশনকে তীব্র ভাষায় আক্রমণ করেন। এরপর তিনি জানান, রাজ্যের মোট ২৯১টি আসনে লড়বে তৃণমূল।তবে পাহাড়ের তিনটি গুরুত্বপূর্ণ আসন ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার জন্য ছেড়ে দেওয়া হয়েছে। ফলে ওই কেন্দ্রগুলিতে অনীত থাপার দলের প্রার্থীরাই তৃণমূলের সমর্থনে লড়াই করবেন।

প্রসঙ্গত, নির্বাচন ঘোষণার পরই পাহাড়ের তিন আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছিলেন অনীত থাপা। সেই সময় থেকেই রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছিল, তৃণমূল কি এই তিন আসনে নিজস্ব প্রার্থী দেবে, নাকি অনীত থাপার দলকে সমর্থন করবে? এদিনের ঘোষণায় সেই জল্পনার অবসান ঘটেছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘আমরা আত্মবিশ্বাসী, আমরা জিতব। ওরা বসন্তের  কোকিল। আমরা মানুষের সঙ্গে ৩৬৫ দিন থাকি।‘

পাশাপাশি যাঁরা টিকিট পাননি, তাঁদের উদ্দেশে বার্তা দিয়ে তিনি বলেন, দল তাঁদের অন্য দায়িত্ব দেবে, তাই যেন কেউ ভুল না বোঝেন। এই সিদ্ধান্তকে পাহাড়ের রাজনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে আঞ্চলিক শক্তিকে পাশে নিয়েই এগোতে চাইছে তৃণমূল, এই বার্তাই স্পষ্ট হয়েছে তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের মাধ্যমে।