প্রবল বৃষ্টি ও শিলাবৃষ্টিতে মণিপুরের একাধিক জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গিয়েছে। বহু বাড়িঘর ভেঙে গিয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বহু সাধারণ মানুষের সম্পত্তি। এই পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে দাঁড়াতে তৎপর হওয়ার নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, গ্রামের বহু রাস্তায় বড় বড় শিলা জমে রাস্তা বন্ধ হয়ে যায়। ফলে যান চলাচল ব্যাপকভাবে ব্যাহত হয়। সাধারণ মানুষের ভোগান্তি বাড়ে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে মুখ্যমন্ত্রী প্রশাসনের সব দপ্তরকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। তিনি জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলির কাছে দ্রুত ত্রাণসামগ্রী পৌঁছে দিতে হবে। প্রয়োজনীয় সব ধরনের সহায়তা নিশ্চিত করতে হবে।
Advertisement
রাজ্য প্রশাসন সূত্রে জানা গিয়েছে, হঠাৎ হওয়া প্রবল বৃষ্টি ও শিলাবৃষ্টিতে বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বিষ্ণুপুর, কাকচিং, নোনে, চুরাচাঁদপুর এবং থৌবাল জেলা। অনেক এলাকায় শিলার আকার বড় হওয়ায় টিনের ছাউনি ভেঙে গিয়েছে। বহু বাড়ির ক্ষতি হয়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকে ত্রাণ ও উদ্ধারকারী দলকে কাজে নামানো হয়েছে। তারা ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখছে। মানুষকে সহায়তা করছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
Advertisement
চুরাচাঁদপুর জেলার প্রশাসন একটি সতর্কতামূলক বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, ভারী বৃষ্টি বা ঝড়ের সময় অপ্রয়োজনীয় ভ্রমণ না করাই ভাল। বিশেষ করে রাতের সময় সতর্ক থাকতে বলা হয়েছে। রাজ্য সরকার আশ্বাস দিয়েছে, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে থেকে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার চেষ্টা চলছে।
Advertisement



