• facebook
  • twitter
Monday, 16 March, 2026

প্রবল শিলাবৃষ্টিতে তছনছ মেঘালয়, ক্ষতিগ্রস্ত বহু বাড়ি, গাড়ি ও ফসল

প্রবল শিলাবৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় মেঘালয়ের একাধিক জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পশ্চিম গারো হিলস জেলার তুরা এলাকায় বহু বাড়ি, গাড়ি ও ফসল নষ্ট হয়েছে।

প্রবল শিলাবৃষ্টি, ঝোড়ো হাওয়া ও ভারী বৃষ্টিতে ব্যাপক ক্ষতির মুখে পড়ল মেঘালয়। রাজ্যের একাধিক জেলায় বাড়িঘর, গাড়ি ও ফসলের ক্ষতি হয়েছে। বহু এলাকায় বিদ্যুৎ পরিষেবাও ব্যাহত হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। দুর্যোগ মোকাবিলা দপ্তরের তথ্য অনুযায়ী, মেঘালয়ের মোট ১২টি জেলার প্রায় সবকটিতেই এই ঝড় ও শিলাবৃষ্টির প্রভাব পড়েছে। বিশেষ করে পশ্চিম গারো হিলস জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

রবিবার সকালে তুরা শহর ও আশপাশের এলাকায় আচমকাই প্রবল শিলাবৃষ্টি শুরু হয়। স্থানীয়দের দাবি, অনেক শিলার আকার গলফ বলের মতো বড় ছিল। প্রায় ২০ মিনিট ধরে চলা এই তীব্র শিলাবৃষ্টির দাপটে বহু টিনের ছাউনি ভেঙে পড়ে। খোলা জায়গায় রাখা গাড়িগুলিও ক্ষতিগ্রস্ত হয়। প্রশাসন জানিয়েছে, রবিবার রাতেই তিন দফায় প্রবল আবহাওয়ার প্রভাব দেখা যায়, যার ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।

Advertisement

ঘটনার পরই পরিস্থিতি পর্যালোচনা করতে উচ্চ পর্যায়ের বৈঠক করেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড কে সাংমা। বৈঠকে রাজ্যের মুখ্যসচিবসহ রাজস্ব ও দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের শীর্ষ আধিকারিকরা উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী প্রশাসনকে ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে দ্রুত পরিস্থিতি খতিয়ে দেখতে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে অবিলম্বে সাহায্য পৌঁছে দিতে নির্দেশ দেন। পাশাপাশি যত দ্রুত সম্ভব বিদ্যুৎ ও জল সরবরাহ স্বাভাবিক করার নির্দেশও দেওয়া হয়েছে।

Advertisement

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বিশাল আকারের শিলাবৃষ্টিতে বহু বাড়ির টিনের ছাদে গর্ত হয়ে গিয়েছে। বিভিন্ন এলাকায় সম্পত্তিরও ব্যাপক ক্ষতি হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই ক্ষয়ক্ষতির বিস্তারিত হিসাব নেওয়ার কাজ শুরু হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে দ্রুত সাহায্য পৌঁছে দেওয়ার প্রস্তুতিও নেওয়া হচ্ছে।

Advertisement