• facebook
  • twitter
Sunday, 15 March, 2026

নতুন মরশুমে ১৮ বছরের স্মরণীয় মুহূর্ত শোভা পেল কেকেআর দলের জার্সিতে

এবারের আইপিএল ক্রিকেটে কেকেআর দল অভিযান শুরু করবে আগামী ২৯ মার্চ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। খেলা হবে মুম্বইয়ের মাঠে।

প্রকাশ্যে চলে এল আইপিএল ক্রিকেটে অংশগ্রহণকারী কলকাতা নাইটরাইডার্স দলের জার্সি। আর কয়েকদিন বাদেই শুরু হতে চলেছে আইপিএল ক্রিকেট। তাই আসন্ন মরশুমের জন্য জার্সি উন্মোচন করা হয়ে গেল কেকেআর দলের খেলোয়াড়দের। জার্সির রং সেই অর্থে বদলায়নি। অর্থাৎ চিরাচরিত বেগুনি-সোনালি রঙের জার্সিতে দেখা গেল ‘লিগ্যাসি’র লাইন জুড়েছে কেকেআর। জার্সির মূল রং বেগুনি। উপর বেগুনি রংয়েরই সুনিপুণ দাগ কাটা।

এই দাগগুলিকে বলা হচ্ছে একেকটা লাইন অফ লিগ্যাসি। অর্থাৎ গত ১৮ বছরের আইপিএলে নাইটদের ইতিহাসের স্মরণীয় সব মুহূর্তর জন্য ওই একেকটি লাইন টানা হয়েছে বলে দাবি নাইট শিবিরের। গত বারের জার্সির তুলনায় এবারের জার্সির রং কিছুটা গাঢ়। অন্য বারের জার্সিতে সোনালি রংয়ের ‘বর্ডার’ লাইন অনেকটা সরু ছিল। এবার সেটা একটু গাঢ় করা হয়েছে। তাছাড়া জার্সির সামনে ৩টি তারা আঁকা রয়েছে। এই তারা বলতে কেকেআরের ৩ বারের চ্যাম্পিয়ন হওয়ায় প্রতীক। প্রয়োজনে নাইটদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে সমর্থকরা জার্সি কিনতে পারবেন।

Advertisement

এবারের আইপিএল ক্রিকেটে কেকেআর দল অভিযান শুরু করবে আগামী ২৯ মার্চ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। খেলা হবে মুম্বইয়ের মাঠে। সেই ম্যাচে নামার আগে বোলিং বিভাগ নিয়ে বেশ চাপে আছে কেকেআর। আইপিএল নিলামে বেশ যত্ন নিয়েই বোলিং বিভাগ শক্ত করার চেষ্টা করেছিল নাইটরা। কিন্তু বিপদ ঘটে গেছে বোলারদের চোট-আঘাতের জন্য। আবার রাজনৈতিক বিতর্কে আইপিএল থেকে ছেঁটে ফেলা হয়েছে বাংলাদেশের মুস্তাফিজুর রহমানকে। শুক্রবারই জানা গিয়েছে এই মরশুমে খেলবেন না হর্ষিত রানাও। আর টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝপথে হ্যামস্ট্রিংয়ের চোট নিয়ে মাঠের বাইরে রয়েছেন মাথিশা পাথিরানা। তিনি কবে ফিরবেন কেউ জানেন না। ফলে বৈভব অরোরা, উমরান, আকাশ দীপদের সঙ্গে নাইটদের এখন ভরসা ব্লেসিং মুজারাবানি। শুক্রবারই তাঁকে সই করিয়েছে কেকেআর।

Advertisement

তবে বোলিং বিভাগ নিয়ে চিন্তা থাকলেও ব্যাটিং নিয়ে বিশেষ চিন্তা নেই নাইটদের। বিশ্বকাপে ভালো ফর্ম দেখিয়েছেন ফিন অ্যালেন, টিম সাইফার্ট ও রভম্যান পাওয়েলরা। রিঙ্কু সিং, রাহানেরা সঙ্গত করলেই ব্যাটারদের নিয়ে নিশ্চিন্ত হয়ে যাবে নাইট শিবির। কলকাতা দলের অধিনায়ক অজিঙ্কা রাহানে সহ ক্যামেরন গ্রিন, সুনীল নারাইন, রিঙ্কু সিং, রমনদীপ সিং ও বরুণ চক্রবর্তীরা নতুন জার্সি পরে উদ্বোধনী অনুষ্ঠানকে আকর্ষণীয় করে তোলেন।

Advertisement