ভারতের দুই তারকা ক্রিকেটার বিরাট কোহলি ও রোহিত শর্মা গত টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হওয়ার পরেই ঘোষণা করেছিলেন, তাঁরা আর টি-টোয়েন্টি ও টেস্ট ক্রিকেটে খেলবেন না। কিন্তু একদিনের ক্রিকেটে তাঁরা ভারতের জার্সি গায়ে খেলতে নামবেন। কিন্তু প্রশ্ন ছিল, এই দুই তারকা ক্রিকেটারকে আবার কবে ভারতীয় দলের প্রতিনিধি হিসেবে দেখতে পাওয়া যাবে। ইতিমধ্যেই জানা গেছে, ভারত সফরে আসছে আফগানিস্তান। আগামী তিন মাসের মধ্যেই এই খেলায় বিরাট কোহলি ও রোহিত শর্মাকে দেখতে পাওয়া যাবে, এমন সম্ভাবনা রয়েছে। তাই এখন থেকেই ক্রিকেট ভক্তরা বিরাট ও রোহিতের খেলা দেখার জন্য প্রহর গুনতে শুরু করেছেন।
ভারতে আগামী জুন মাসে আফগানিস্তান দল একটি টেস্ট ম্যাচ ও তিনটি একদিনের ম্যাচে অংশ নেবে। সেখানে অবশ্য টেস্ট ম্যাচে ভারতের এই দুই তারকা ক্রিকেটারকে দেখতে না পাওয়া গেলেও একদিনের ক্রিকেটে দু’জনকেই দেখা যাবে ব্যাট হাতে মাঠে নামছেন। তবে, ভারতীয় দলকে যেই নেতৃত্ব দিন না কেন, সেই নেতৃত্বে বিরাট ও রোহিতের খেলতে কোনও অসুবিধে নেই। আগামী ৬ জুন থেকে চণ্ডীগড়ে হবে এই খেলা। ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন শুভমন গিল। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে ভারতীয় দলে শুভমন গিলের কোনও জায়গা হয়নি। অর্থাৎ তিনি এই মুহূর্তে বিশ্রামে রয়েছেন। তবে টি-টোয়েন্টি মাঠে খেলা দেখতে গিয়েছিলেন বিরাট ও রোহিত। সেই অর্থে বলা যায় একদিনের ক্রিকেটে বিরাট ও রোহিতের সঙ্গে শুভমনের প্রত্যাবর্তন ঘটছে।
Advertisement
আগামী ১৪ জুন একদিনের ম্যাচ। খেলা হবে ধর্মশালায়। ১৭ জুন দ্বিতীয় একদিনের ম্যাচ অনুষ্ঠিত হবে লখনউয়ে। আর ২০ জুন তৃতীয় একদিনের ম্যাচ চেন্নাইতে হবে। তিনটি ম্যাচেই বিরাট কোহলি ও রোহিত শর্মা খেলবেন। তবে অধিনায়কের ব্যাটনটা শুভমন গিলের হাতেই থাকবে। ঠিক এমনই ঘটনা ঘটেছিল গত জানুয়ারি মাসে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলের খেলায়। বিরাট ও রোহিত দু’জনেই খেলেছিলেন। তবে বিরাট কোহলি লন্ডনে ফিরে গিয়েছিলেন সন্তানসম্ভবা স্ত্রীর কাছে। পাঁচ মাস বাদে তিনি আবার দেশে ফিরছেন। রোহিত শর্মা এবারে টি-টোয়েন্টি বিশ্বকাপে আইসিসি-র দূত। সেই কারণেই তাঁকে বিভিন্ন মাঠে দেখা যাচ্ছে। তবে বিরাট দূরদর্শনের পর্দায় ভারতের খেলা দেখছেন।
Advertisement
আগামী ২০২৭ সালে একদিনের বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হবে। বিরাট কোহলি ও রোহিত শর্মার লক্ষ্য ওই বিশ্বকাপে খেলা। তার জন্য ধারাবাহিকভাবে রান করার জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের ক্রিকেটে তারই প্রস্তুতি বলে মনে করা হচ্ছে। কয়েকটি সিরিজে এই দুই তারকা ক্রিকেটার ভালো রান পেয়েছেন এবং শতরানও করেছেন। সেই কারণেই ফিটনেস নিয়ে তাঁদের কোনও সমস্যা হবে না বলে মনে করা হচ্ছে।
আগামী জুন মাসে যেহেতু তিনটি একদিনের ম্যাচ আফগানিস্তানের বিরুদ্ধে রয়েছে, সেই কারণে সেদিকেই নজর রেখেছেন এই দুই তারকা ক্রিকেটার।
Advertisement



