• facebook
  • twitter
Wednesday, 25 February, 2026

ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্তের বিরুদ্ধে মামলায় স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

বুধবার প্রধান বিচারপতি  সূর্য কান্তর নেতৃত্বাধীন বেঞ্চে মামলাটি শুনানির জন্য ওঠে

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির জারি করা সমনে সাড়া না দেওয়ায় ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের বিরুদ্ধে মামলা দায়ের হয়। সেই মামলায় অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। বুধবার প্রধান বিচারপতি  সূর্য কান্তর নেতৃত্বাধীন বেঞ্চে মামলাটি শুনানির জন্য ওঠে।

শুনানির সময় প্রধান বিচারপতি ইডি-র উদ্দেশে মন্তব্য করেন, সংবাদমাধ্যমে দেখা যাচ্ছে সংস্থাটি একাধিক অভিযোগ দায়ের করেছে। তিনি পরামর্শ দেন, সেই সব মামলার দিকেই বেশি মনোযোগ দেওয়া হোক এবং শক্তি সেদিকেই ব্যয় করা হোক। ইডির উদ্দেশে প্রধান বিচারপতি সূর্য কান্ত বলেন, ‘কালই আমরা খবরের কাগজে দেখছিলাম, আপনারা প্রচুর অভিযোগ দায়ের করেছেন। সেই অভিযোগগুলিতে মন দিন, সে দিকে নিজেদের শক্তি খরচ করুন।‘ আদালতের পর্যবেক্ষণকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

Advertisement

উল্লেখ্য, ঝাড়খণ্ডে জমি দুর্নীতি সংক্রান্ত বেআইনি আর্থিক লেনদেনের মামলায় হেমন্ত সোরেনের নাম জড়ায়। ২০২৪ সালের জানুয়ারিতে তাঁকে গ্রেপ্তারও করা হয়। প্রায় পাঁচ মাস জেলে থাকার পর তিনি জামিনে মুক্তি পান। পরে তদন্তের স্বার্থে একাধিক বার সমন পাঠানো হলেও তিনি হাজিরা দেননি বলে অভিযোগ তোলে ইডি এবং পৃথক মামলা দায়ের করে।এই মামলা খারিজের দাবিতে প্রথমে ঝাড়খণ্ড হাইকোর্টের  দ্বারস্থ হন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। কিন্তু হাইকোর্টের রায় তাঁর বিরুদ্ধে যায়।

Advertisement

পরে ওই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী। এ দিন প্রধান বিচারপতির পাশাপাশি বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি বিপুল এম পাঞ্চোলির বেঞ্চ মামলায় অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় এবং ইডিকে নোটিস জারি করে। ইডির দাবি, সাত বার সমন পাঠানো হয়েছিল। অন্য দিকে হেমন্তের আইনজীবীর বক্তব্য, তিনি তিন বার হাজিরা দিলেও তাঁকে গ্রেপ্তার করা হয়।

 

 

 

Advertisement